সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসলাজাত পণ্যের মধ্যে আদার আমদানি চলতি অর্থবছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই আদা আমদানি বেড়েছে তিনগুণেরও বেশি। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই থেকে মে মাস পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে মোট এক লাখ ১৫ হাজার ১০৩ টন আদা আমদানি হয়েছে, যার আনুমানিক মূল্য দাঁড়ায় এক হাজার ৩৭৫ কোটি ৮১ লাখ টাকারও বেশি।
গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আদার আমদানি ছিল মাত্র ৩৭ হাজার ২৪৫ টন। সে তুলনায় এবার আদা আমদানি বেড়েছে প্রায় ৭৮ হাজার টন। অর্থমূল্যের বিচারে গতবার আদা আমদানির পরিমাণ ছিল ৪০৭ কোটি ২৮ লাখ টাকা। আমদানির এই ব্যতিক্রমী প্রবৃদ্ধির পেছনে ভারতীয় বাজারে কম দাম এবং দেশের বাজারে চাহিদা বৃদ্ধিকে কারণ হিসেবে দেখছেন আমদানিকারকরা।
ভোমরা বন্দরে মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ভারতীয় বাজারে আদার মূল্য কম থাকায় এবং দেশীয় বাজারে এর চাহিদা বেশি থাকায় আমদানি বেড়েছে। পাশাপাশি কোরবানির ঈদ সামনে রেখে বাড়তি চাহিদাও আদা আমদানির গতি বাড়িয়েছে বলে তিনি মনে করেন। তবে আমদানির পরিমাণ বেড়েছে সত্য, কিন্তু তার প্রত্যাশিত প্রভাব পড়েনি স্থানীয় বাজারে। বরং সাতক্ষীরার মসলার বাজারগুলোতে আদার দাম উল্টো কিছুটা বেড়েছে। স্থানীয় সুলতানপুর বড় বাজারের মেসার্স শাওন এন্টারপ্রাইজে কয়েক সপ্তাহ আগে যেখানে আদা বিক্রি হতো ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফজর আলী বলেন, কোরবানির ঈদের পর চাহিদা বেশি থাকায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
এ বিষয়ে সাতক্ষীরা জেলার কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, ঈদ পরবর্তী সময়ে কিছু মসলাজাত পণ্যের মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বাজারে মসলাজাত পণ্যের এমন মূল্যবৃদ্ধি এবং আমদানি বৃদ্ধির বাস্তবতা তুলে ধরে সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে।

