ইলিশের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এই জাতীয় মাছ। এই পরিস্থিতিতে সিন্ডিকেটের কারসাজি ঠেকাতে এবং বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখতে দাম নির্ধারণের আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি ১৭ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়ে জাতীয়ভাবে ইলিশের মূল্য নির্ধারণের অনুরোধ জানান।
জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পদ্মা ও মেঘনার মোহনায় উৎপন্ন চাঁদপুরের ইলিশ প্রাচীনকাল থেকেই সুস্বাদু এবং মানের দিক থেকে অতুলনীয়। ২০১৭ সালে সরকার চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি’ হিসেবে ব্র্যান্ডিং করে। এই খ্যাতি ও গুণগত মানকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার ইচ্ছেমতো দাম হাঁকিয়ে যাচ্ছেন, যার ফলে ইলিশের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। চাঁদপুরের স্থায়ী বাসিন্দারাও অভিযোগ করছেন, ইলিশ এখন তাদের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, শুধু চাঁদপুর নয়, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিসহ বিভিন্ন সাগরতীরবর্তী জেলায়ও ইলিশ ধরা পড়ে। ফলে শুধুমাত্র চাঁদপুর জেলা প্রশাসন থেকে ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ কার্যকর হবে না। সমন্বিতভাবে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করলেই কেবল এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব হবে।
চিঠিতে আরও এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয় ইলিশ একটি প্রাকৃতিক মাছ, যার উৎপাদনে সরাসরি কোনো খরচ নেই জেলেদের। তারপরও বাজারে এই মাছের দাম সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে। তাই প্রকৃত খরচ, আহরণ ও পরিবহন ব্যয় বিবেচনায় নিয়ে একটি সুষম ও যৌক্তিক দাম নির্ধারণ করা জরুরি বলে মনে করেন জেলা প্রশাসক।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, অনেকেই দাবি করছেন, কিছু অসাধু আড়তদার নিজেদের মতো করে দাম নির্ধারণ করছে, যা ক্রেতার নাগালের বাইরে। তাই এখন সময় এসেছে জাতীয় পর্যায়ে ইলিশের মূল্য নির্ধারণ করার। তিনি আরও বলেন, “চাঁদপুরে যদি দাম ঠিক করি, কিন্তু অন্য জেলাগুলোতে না হয়, তাহলে পুরো বাজার ব্যবস্থাই ভেঙে পড়বে। এক্ষেত্রে সমন্বিত সিদ্ধান্ত দরকার।”
দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে বিষয়টি আলোচিত হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা পাঠানো হলো মন্ত্রণালয়ে। জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করছি মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

