ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার জেরে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এড়িয়ে চলার সিদ্ধান্ত নিচ্ছেন অনেক জাহাজ মালিক। বিশ্বের বৃহত্তম শিপিং সংগঠন BIMCO জানায়, এই অঞ্চলে নিরাপত্তা হুমকি বাড়ায় শিপিং খাতে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।
গত শুক্রবার ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর চার দিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। এর ফলে রেড সি ও হরমুজ প্রণালীতে বাড়তি সতর্কতা গ্রহণ করছেন জাহাজ মালিকরা।
হরমুজ প্রণালী শুধু তেল রপ্তানির পথই নয়, এটি দুবাইয়ের বৃহৎ জেবেল আলী বন্দরে পণ্য পরিবহনের অন্যতম প্রবেশদ্বার। BIMCO’র নিরাপত্তা প্রধান ইয়াকব লারসেন জানান, সংঘাত ক্রমাগত বাড়তে থাকায় অনেকে ওই পথ এড়িয়ে চলছেন। যদিও বেশিরভাগ শিপিং কোম্পানি এখনও স্বাভাবিকভাবে চলাচল করছে, কিছু প্রতিষ্ঠান বিকল্প পথ বেছে নিচ্ছে।
লারসেন বলেন, “নিরাপত্তা হুমকির সময় ভাড়া ও নাবিকদের পারিশ্রমিক বেড়ে যায়। এতে কিছু প্রতিষ্ঠান ঝুঁকি নিয়েও সংঘাতপূর্ণ এলাকা দিয়ে যাত্রা করে। এটি নতুন কিছু নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে বৈশ্বিক বাণিজ্য এমনভাবেই চলেছে।”
বিশ্বের অন্যতম ব্যস্ত এই প্রণালী প্রতি দিন গড়ে ২০.৯ মিলিয়ন ব্যারেল তেল পরিবহনের পথ, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ। সাময়িকভাবে এই রুটে বিঘ্ন ঘটলেও বিশ্ববাজারে জ্বালানি মূল্যের বড় ধাক্কা, পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ বিলম্ব দেখা দিতে পারে।
শুধু তেল নয়, এই রুট বিশ্ব কন্টেইনার ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। জেবেল আলী ও খোর ফাক্কান বন্দরের অধিকাংশ পণ্য যায় দুবাইয়ে। এখান থেকে উপসাগরীয় দেশ, দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার সঙ্গে সংযোগ স্থাপন হয়।
এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইনটেলিজেন্সের মেরিটাইম ভাইস প্রেসিডেন্ট পিটার টিরশওয়েল জানান, সাম্প্রতিক সময়ে কিছু প্রতিষ্ঠান হরমুজ প্রণালী এড়িয়ে চলার চিন্তা করছে। এর আগে হুথি বিদ্রোহীদের হুমকিতে রেড সি রুট পরিহার করে অনেক জাহাজ আফ্রিকার দক্ষিণ দিক ঘুরে চলাচল শুরু করে।
তিনি বলেন, “একটি সরু ও গুরুত্বপূর্ণ রুটের পাশে সামরিক হুমকি থাকলেই তা বৈশ্বিক শিপিং ব্যবস্থায় বড় প্রভাব ফেলে।”
ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে চীনে অপরিশোধিত তেল পরিবহনে VLCC (Very Large Crude Carrier) ফ্রেট রেট ২৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১.৬৭ ডলার। এটি চলতি বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরো অবনতি হলে ভাড়া আরো বাড়তে পারে।
তবে মেরিন ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ম্যাকগিল অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, এখন পর্যন্ত বিমা প্রিমিয়ামে কোনো বড় পরিবর্তন আসেনি। তাদের মতে, যুদ্ধ এলাকা ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টা আগে বিমার হার হঠাৎ করেই বেড়ে যেতে পারে, যদি সংঘাত আরো তীব্র হয়।
জার্মান কন্টেইনার শিপিং প্রতিষ্ঠান Hapag-Lloyd জানিয়েছে, হরমুজ প্রণালীতে হুমকি রয়েছে ঠিকই, তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ঝুঁকি দেখা যাচ্ছে না। সংস্থাটি জানিয়েছে, তারা এখনই রেড সি হয়ে চলাচল শুরু করবে না। ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে তারা ওই রুট ব্যবহার করছে না।

