মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাত ঘনীভূত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও চাহিদা নিশ্চিত করতে অপরিশোধিত তেলের মজুত বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মে মাসে চীনের তেল ব্যবহারে দৈনিক গড়ে ১৪ লাখ ব্যারেল উদ্বৃত্ত দেখা গেছে। পরপর তিন মাস ধরেই দেশটি দৈনিক ১০ লাখ ব্যারেলের বেশি তেল উদ্বৃত্ত রাখছে, যা একটি পরিকল্পিত মজুত বৃদ্ধির ইঙ্গিত দেয়।
চীনের সরকারি পরিসংখ্যান বলছে, গত মে মাসে দেশটির শোধনাগারগুলো দৈনিক ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধন করেছে। পরিমাণটি এপ্রিলের চেয়ে কম এবং গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। তবে আমদানি করা অপরিশোধিত তেলের পরিমাণ ছিল দৈনিক ১ কোটি ৯৭ লাখ ব্যারেল, যার বেশ কিছু অংশ উদ্বৃত্ত থেকে গেছে। একই সময়ে দেশীয় উৎপাদন সামান্য বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৪৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। সব মিলিয়ে মে মাসে চীনের তেলের মোট যোগান দাঁড়ায় ১ কোটি ৫৩ লাখ ২০ হাজার ব্যারেল।
বিশ্লেষকদের মতে, চীনের আমদানিকৃত তেল সরবরাহ পৌঁছাতে প্রায় দুই মাস সময় লাগে। ফলে মে মাসে আমদানির প্রভাব বাস্তবভাবে পড়বে জুলাই-আগস্টে। জুন ও জুলাইয়ে উদ্বৃত্ত থাকায় আগামীতে আমদানির চাহিদা কমবে—এতে বিশ্ববাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর প্রভাব পড়তে শুরু করে বিশ্ববাজারে। ১৭ জুন মঙ্গলবার এশীয় বাজারে ব্রেন্ট ক্রুডের দাম হঠাৎ বেড়ে যায় প্রায় ৬ শতাংশ। ব্যারেলপ্রতি দাম উঠে দাঁড়ায় ৭৩ দশমিক ৫৮ ডলারে।

