যেকোনো বৈশ্বিক সংকট বা অর্থনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকেন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কমেছে। এর পেছনে মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত ও কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনের প্রভাব রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৪১৫ ডলার ৩৬ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও একই হারে দাম কমে হয় ৩ হাজার ৪৩৪ ডলার ৫০ সেন্ট।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা। ইউবিএস ব্যাংকের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “ফেড সুদের হার কমাতে পারে—এমন ইঙ্গিত থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুতই থামবে বলে মনে হচ্ছে না। ফলে স্বর্ণের বড় দরপতনের সম্ভাবনা খুবই কম।”
ইসরায়েল-ইরান সংঘাতে নতুন উত্তেজনা
মঙ্গলবার ভোরে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের রাজধানী তেলআবিব ও বন্দরনগরী হাইফায়। এতে অন্তত আটজন নিহত হন। ধ্বংস হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। এই ঘটনায় জি৭ সম্মেলনে মধ্যপ্রাচ্যভিত্তিক উত্তেজনার ছায়া পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে খাতসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক মুদ্রা ও শেয়ারবাজারে এখনো পর্যন্ত বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, “বিনিয়োগকারীরা দেখছে এই সংঘাত কতটা বিস্তৃত হতে পারে। সেটিই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।”
বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ামক ফেডারেল রিজার্ভের সুদহার বিষয়ক ঘোষণা আসছে বুধবার। পাশাপাশি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যও স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজার
স্বর্ণের দাম কমলেও অন্যান্য মূল্যবান ধাতুর দামে গতকাল উর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ, প্রতি আউন্সে যার দাম দাঁড়িয়েছে ৩৬ ডলার ৪১ সেন্ট। প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ, প্রতি আউন্স ১ হাজার ২৪২ ডলার ৮৫ সেন্ট। প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ, প্রতি আউন্সে দাম হয়েছে ১ হাজার ৪৪ ডলার।

