মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচয় শুধু রাজনীতিক হিসেবেই সীমাবদ্ধ নয়, তিনি একজন শিল্পপতিও। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ব্যবসাও পরিচালনা করে আসছেন। এবার ট্রাম্পের ব্যবসা ঢুকছে স্মার্টফোনের জগতে।
‘ট্রাম্প মোবাইল’—অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ
ট্রাম্প পরিবার তাদের নতুন স্মার্টফোন ব্র্যান্ড ‘ট্রাম্প মোবাইল’ বাজারে আনতে যাচ্ছে। লক্ষ্য একটাই—অ্যাপলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা। শুধু ফোন বিক্রিতেই নয়, টেলিকম খাতেও পা রাখতে চলেছে তারা।
গত সোমবার বিষয়টি সামনে এনে এরিক ট্রাম্প জানান, “আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ। ‘মেক আমেরিকা ফার্স্ট অ্যাগেইন’ নীতির ভিত্তিতে প্রতিটি ট্রাম্প মোবাইল তৈরি হবে আমেরিকাতেই।”
তার দাবি, আমেরিকার নাগরিকদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে ফোনটি। দেশের মাটিতেই থাকবে ম্যানুফ্যাকচারিং এবং কল সেন্টার। দামও রাখা হবে সাশ্রয়ী—মাত্র ৪৯৯ ডলার। উন্নত প্রযুক্তির পাশাপাশি থাকবে নির্ভরযোগ্য মোবাইল পরিষেবা।
অ্যাপলের সঙ্গে দ্বন্দ্বের পর ট্রাম্পের প্রযুক্তি যাত্রা
সম্প্রতি অ্যাপলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েনের খবর উঠে আসে শিরোনামে। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে অ্যাপলকে হুমকিও দেন তিনি। বিশ্লেষকদের মতে, এরপরই ট্রাম্প মোবাইল বাজারে আনার সিদ্ধান্ত নতুন মাত্রা পেয়েছে। অনেকেই মনে করছেন, এটি অ্যাপলকে চাপে ফেলার কৌশল।
রাজনীতি আর ব্যবসার মিশেলে বাড়ছে বিতর্ক
প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় থেকেই ট্রাম্পের ব্যবসা প্রসারিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ২০২৪ অর্থবছরের আয় বিবরণীতে দেখা গেছে, তিনি ওই বছরে আয় করেছেন ৬০০ মিলিয়ন ডলারের বেশি। এর বড় অংশ এসেছে ক্রিপ্টোকারেন্সি খাত থেকে।
এ ছাড়াও গলফ ক্লাব ও রিসোর্ট ব্যবসাও চাঙা হয়েছে। যদিও ব্যবসার দৈনন্দিন পরিচালনা ছেলেদের হাতে তুলে দিলেও, ট্রাম্প নিজেই আয়ভোগ করে যাচ্ছেন। এ নিয়েই বিরোধীদের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ ও বিতর্ক।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে অনেকেই বলছেন, একজন প্রভাবশালী রাজনীতিকের সঙ্গে ব্যবসার এমন ঘনিষ্ঠ সম্পর্ক গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

