বিদেশি এজেন্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংক এই খাতে নিয়ম শিথিল করেছে।
মঙ্গলবার (গতকাল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত মানলে এডি ব্যাংকগুলো এখন স্বাধীনভাবে এ ধরনের লেনদেন অনুমোদন করতে পারবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি এজেন্ট বা কোম্পানিকে বিজ্ঞাপনের বিল পরিশোধের আগে কিছু বিষয় নিশ্চিত করতে হবে। যেমন—চুক্তিপত্রের কপি, ইনভয়েস, কর পরিশোধের প্রমাণসহ মোট খরচের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করতে হবে ব্যাংকগুলোকে।
এছাড়া এজেন্টের পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা দাখিল করতে হবে। যদি প্রাপ্য বিলের চেয়ে বেশি অর্থ পাঠানো হয়, তাহলে তা ফেরত আনার উপায় সম্পর্কেও স্পষ্ট তথ্য থাকতে হবে।
সব নথি যাচাই করে ব্যাংক সন্তুষ্ট হলে ডলার পরিশোধ করতে পারবে। তবে বিল পরিশোধের আগে এজেন্টের পক্ষ থেকে পাওনার আবেদনপত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় সরাসরি জমা দিতে হবে।
আর পাচার রোধে ব্যাংকের এডি শাখাগুলো সংশ্লিষ্ট সব নথিপত্র গ্রাহকভিত্তিক সংরক্ষণ করবে এবং এসবের অনুলিপি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
