চট্টগ্রাম বন্দর চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নজরকাড়া সাফল্য দেখিয়েছে। এখনো অর্থবছর শেষ হতে ১৩ দিন বাকি থাকতেই হ্যান্ডলিংয়ের পরিমাণ আগের বছরের পুরো হিসাবকে ছাড়িয়ে গেছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের ১৬ জুন পর্যন্ত ৩১ লাখ ৭৮ হাজার ৯৬০ টিইইউস (২০ ফুট সমমান কনটেইনার) হ্যান্ডলিং হয়েছে। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে পুরো বছরে হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। আর ২০২২-২৩ অর্থবছরে হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস।
টানা তিন বছর ধরে বন্দরের পারফরম্যান্স বেড়ে চলেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অর্থবছর শেষ হওয়ার আগেই এই সংখ্যা ৩৩ লাখ টিইইউসে পৌঁছাতে পারে। তা হলে দেশের ইতিহাসে এটি হবে এক নতুন রেকর্ড।
এই অগ্রগতির পেছনে রয়েছে প্রযুক্তিগত আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন। বন্দর কর্তৃপক্ষ ই-গেট পাস চালু করেছে, অটোমেশন ব্যবস্থা উন্নত করেছে এবং কনটেইনার অপারেটিং সিস্টেমকে আধুনিক করেছে। ফলে পণ্য খালাসের সময় কমেছে। কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বেড়েছে।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন বলেন, “বিভিন্ন সংকট সত্ত্বেও ১৫ জুনের মধ্যেই আগের বছরের চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হয়েছে। এখনো ১৩ দিন বাকি আছে। আমরা আশাবাদী, এবার রেকর্ড হ্যান্ডলিং হবে।”

