২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসেই বাংলাদেশে আগের অর্থবছরের তুলনায় বেশি চাল ও গম আমদানি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ জুন পর্যন্ত আমদানিকৃত চাল ও গমের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৫ হাজার টনে। এর মধ্যে সরকারিভাবে আমদানি করা হয়েছে ১২ লাখ ২৫ হাজার টন এবং বেসরকারিভাবে ৫৫ লাখ ৬০ হাজার টন। অথচ পুরো ২০২৩-২৪ অর্থবছরে চাল ও গমের মোট আমদানির পরিমাণ ছিল ৬৬ লাখ ২৮ হাজার টন।
খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারিভাবে খাদ্যশস্য আমদানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেসরকারি খাতে আমদানি কিাছুটা কম থাকায় সরকার নিজেই উদ্যোগী হয়ে আমদানি বাড়িয়েছে। গত অর্থবছরের তুলনায় ১৬ জুন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ টন, অর্থাৎ প্রায় ৫৬ শতাংশ বেশি আমদানি করা হয়েছে।
জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে আলোকপাত করে বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। গত বছর আকস্মিক বন্যার কারণে আউশ ও আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে কম ধান উৎপাদন হওয়ায় খাদ্যশস্যের মজুদে ঘাটতি দেখা দেয়। সেই ঘাটতি পূরণে আমরা ৯ লাখ টন চাল এবং ৭ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছি।’
এই সিদ্ধান্তের আওতায় ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ চাল ও গম আমদানি সম্পন্ন হয়েছে। অতীত রেকর্ড অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ চাল ও গম আমদানি হয়েছিল ২০১৭-১৮ অর্থবছরে, যার পরিমাণ ছিল প্রায় ৯৮ লাখ টন। চলতি বছরেও সরকারিভাবে আমদানি বেড়ে যাওয়ায় এ সময়কে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি বছরের কাতারে ফেলা হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে চাল ও গম আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১৬ হাজার ৫৪৪ কোটি টাকা। এর মধ্যে চাল আমদানিতে তিন হাজার ৮৬২ কোটি এবং গম আমদানিতে ১২ হাজার ৬৮২ কোটি টাকা ব্যয় হয়েছে। তুলনামূলকভাবে, ২০১৭-১৮ অর্থবছরে এই দুই খাদ্যপণ্যের আমদানিতে ব্যয় হয়েছিল ২৪ হাজার ৩৮৪ কোটি টাকা। চলতি বছরের শেষ নাগাদ এই ব্যয় ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দ্বিতীয় সর্বোচ্চ আমদানি ব্যয়ের রেকর্ড গড়তে পারে।
খাদ্য নিরাপত্তা ও আমদানির এই চলমান প্রবণতা নিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরে গম উৎপাদন চাহিদার তুলনায় অনেকটাই কম। পাশাপাশি ধান উৎপাদনেও এ বছর কাঙ্ক্ষিত স্বস্তি মেলেনি। আবহাওয়া অনুকূলে না থাকলে বোরো মৌসুমের ফলনও আশানুরূপ নাও হতে পারে। অন্যদিকে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি খাদ্যশস্যের আন্তর্জাতিক সরবরাহকে অনিশ্চিত করে তুলছে। এই প্রেক্ষাপটে সরকারের জন্য খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রাখা এবং আমদানি কার্যক্রম জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে আমদানির দিকটিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’ সবকিছু বিবেচনায় নেওয়া হলে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের একযোগে আমদানি ও অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাওয়ার বিকল্প নেই।

