দেশের বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে ৪৫৪ মিলিয়ন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ডলারে ঋণের তুলনায় টাকায় ঋণের সুদহার বেশি হওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকা এবং বিনিময় হার অনেকটাই নির্ভরযোগ্য হওয়ায় উদ্যোক্তারা আবারও স্বল্পমেয়াদি বিদেশি ঋণের দিকে ঝুঁকছেন।
২০২৫ সালের জানুয়ারি শেষে বেসরকারি খাতে বৈদেশিক স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল ৯.৮ বিলিয়ন ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। তবে ফেব্রুয়ারি থেকে ঋণগ্রহণের গতি বাড়ে এবং এপ্রিল শেষে এই ঋণ দাঁড়ায় ১০.২৫ বিলিয়ন ডলারে, যা জানুয়ারির তুলনায় ৪.৫৯ শতাংশ বেশি।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী জানান, কাঁচামাল আমদানির দায় পরিশোধে ইউপিএএস এলসি খোলা এবং বাইয়ার্স ক্রেডিট নেওয়ার প্রবণতা বেড়েছে। তার মতে, চলতি হিসাবের ভারসাম্য উন্নয়ন, বিনিময় হার স্থিতিশীলতা, এক অঙ্কে নামা মূল্যস্ফীতি এবং ডলারে কম সুদের হার এই চারটি কারণেই উদ্যোক্তারা বিদেশি ঋণে আগ্রহী হচ্ছেন।
তিনি বলেন, “অর্থনীতির সার্বিক সূচকগুলো আগের চেয়ে উন্নত হচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক তথ্যের স্বচ্ছতা ও নিয়মিত প্রকাশের কারণে বিদেশি ব্যাংকগুলোর আস্থাও বাড়ছে, যা আমাদের উদ্যোক্তাদের বিদেশি ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়ার পথ তৈরি করছে।”
আন্তর্জাতিক ঋণে সুদের হার প্রসঙ্গে মোহাম্মদ আলী জানান, এসব ঋণে সাধারণত সর্বোচ্চ ৮ শতাংশ সুদ দিতে হয়, যার মধ্যে সোফর প্লাস ২.৫ থেকে ৩ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম যুক্ত থাকে। তুলনায় দেশে টাকায় নেওয়া ঋণের সুদহার প্রায় ১৩ শতাংশ, ফলে ডলারে ঋণ নিলে প্রায় ৫ শতাংশ সাশ্রয় হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের ডিসেম্বরের পর জানুয়ারি ২০২৫ পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ সর্বনিম্ন ছিল মাত্র ৯.২ বিলিয়ন ডলার। এরপর ঋণের প্রবাহ বাড়তে শুরু করে এবং ২০২১ সালের শেষে এই পরিমাণ পৌঁছে যায় ১৫.৪৬ বিলিয়ন ডলারে। এক বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার বেড়ে যায় ঋণের পরিমাণ।
২০২২ সালের ডিসেম্বর নাগাদ এই ঋণ আরও বেড়ে হয় ১৬.৪২ বিলিয়ন ডলার। তবে এরপর থেকে ঋণের পরিমাণে মাসিক হারে হ্রাস দেখা যায়। ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঋণের স্থিতি ২.৩ বিলিয়ন ডলার কমে যায়। ২০২৪ সালের এপ্রিলের তুলনায় ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ আরও ৮৯০ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
২০২৩ সালে ডলারের বিনিময় হার আকস্মিকভাবে বাড়তে থাকায় ব্যবসায়ীরা ঝুঁকি নিতে না চেয়ে ঋণ পরিশোধ শুরু করেন। এতে বৈদেশিক ঋণের পরিমাণ নেমে আসে ১৬.৪২ বিলিয়ন থেকে ১১.৭৯ বিলিয়ন ডলারে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আবার ঋণের প্রবাহ বাড়তে শুরু করে এবং ফেব্রুয়ারি শেষে এই ঋণ দাঁড়ায় ১০.১৬ বিলিয়ন ডলারে।
গত ২১ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈদেশিক ঋণ ও সাপ্লায়ার্স ক্রেডিট যাচাই কমিটির সভায় ২০ মিলিয়ন ডলারের বেশি নতুন ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ৯৮৮ মিলিয়ন ডলারের ঋণ পুনর্গঠন এবং পূর্ববর্তী সময়ের জন্য অনুমোদিত ৩১৫ মিলিয়ন ডলারের ঋণেও সম্মতি দেওয়া হয়।
বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের আগের দুই বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ লাগাতার কমতে থাকায় বিদেশি ব্যাংক ও বিনিয়োগকারীদের আস্থা কমে যায়। তাতে আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর নেতিবাচক মূল্যায়ন যুক্ত হয়ে বাংলাদেশের বেসরকারি খাতে বৈদেশিক ঋণপ্রাপ্তি আরও কঠিন হয়ে পড়ে। তবে এখন অর্থনীতির সূচক উন্নত হচ্ছে, এবং আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ গত এক বছর ধরে ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে, যা বিদেশি ব্যাংকগুলোর আস্থা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল শেষে ডেফারড পেমেন্ট আউটস্ট্যান্ডিং ছিল ৬২২ মিলিয়ন ডলার, যা জানুয়ারিতে ছিল ৬৪৪ মিলিয়ন ডলার। সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে বাইয়ার্স ক্রেডিটে। জানুয়ারিতে এই ঋণের পরিমাণ ছিল ৫.০৮ বিলিয়ন ডলার, যা তিন মাস পর এপ্রিল শেষে বেড়ে দাঁড়ায় ৫.৫৩ বিলিয়ন ডলারে। অর্থাৎ মাত্র তিন মাসে বাইয়ার্স ক্রেডিট বেড়েছে ৪৪৩ মিলিয়ন ডলার। এ ধরনের ঋণে বাংলাদেশি রপ্তানিকারকরা বিদেশি ক্রেতাদের কাছ থেকে আগাম রপ্তানি আদেশের ভিত্তিতে অর্থ গ্রহণ করেন, যা রপ্তানি কার্যক্রমে সহায়তা করে।
এই ঋণপ্রবাহ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকেরা। তাদের মতে, বিদেশি ঋণপ্রাপ্তিতে আস্থা ফিরে আসা ও সুদ ব্যয় হ্রাস এ দুটি দিক বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা দিচ্ছে। তবে ঋণের যথাযথ ব্যবহার এবং সময়মতো পরিশোধ নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদে এতে ঝুঁকিও তৈরি হতে পারে।

