খাগড়াছড়ির তরুণ বিপুল ত্রিপুরা ২০১৭ সালে মাত্র পাঁচ একর পাহাড়ি জমিতে শুরু করেন আমের বাগান। শুরুতে ৭৫ হাজার টাকা বিনিয়োগ করে ৫০০টি আম্রপালির চারা রোপণ করেন তিনি। সেই বছরের শেষ দিকে ৯০ হাজার টাকার আম বিক্রি করে লাভের মুখ দেখেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এখন প্রতি মাসেই তিনি গড়ে ৭ লাখ টাকার আম বিক্রি করছেন।
বিপুল ত্রিপুরার মতো তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এমন প্রায় ৫০ হাজার ছোট-বড় উদ্যোক্তা জড়িয়ে পড়েছেন ফল চাষে। তাদের হাত ধরে পাহাড়ে এখন উৎপাদিত হচ্ছে ৪৫ প্রজাতির ফল। এর মধ্যে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস ও কমলালেবু প্রধান। পাহাড়ি এলাকার উৎপাদিত এই ফলগুলো দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এখন সরবরাহ হচ্ছে পাহাড়ের ফল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে সারাদেশে উৎপাদিত ফলের প্রায় ১৫ শতাংশই আসে এই তিন পার্বত্য জেলা থেকে। উৎপাদিত মোট ফলের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয়টি ফল আম, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস ও কমলা থেকে আসে। প্রতিবছর এই ছয়টি ফলের উৎপাদন দাঁড়ায় প্রায় ১৬ লাখ টনে। তাছাড়া পাহাড়ে এখন ড্রাগন ফল, কাজুবাদাম, আপেল কুল, জলপাইসহ আরও ৩৯ ধরনের ফলও চাষ হচ্ছে।
রাঙামাটি চেম্বার অব কমার্সের তথ্য বলছে, তিন পার্বত্য জেলায় ফলের বাজার এখন প্রায় তিন হাজার কোটি টাকার। বাণিজ্যিকভাবে ফলচাষ শুরু হয় ২০০৪ সালে। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে ফলবাগানের সংখ্যা। ২০১৭ সালে এই অঞ্চলে প্রায় ৯২ হাজার হেক্টর জমিতে ফলচাষ হয়েছিল, উৎপাদন ছিল প্রায় ১৫ লাখ ৫৯ হাজার টন। আট বছরের ব্যবধানে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯ লাখ টনে, যা ১৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। সেইসঙ্গে জমির পরিমাণও বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ৯৯ হাজার হেক্টরে।
তবে এই সম্ভাবনার মাঝেও রয়েছে নানা চ্যালেঞ্জ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার জানান, পার্বত্য অঞ্চলে ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কোনো সুযোগ নেই। এখানকার উদ্যোক্তারা দেশের অন্যান্য জায়গার তুলনায় ব্যাংক থেকে সহজ শর্তে বেশি ঋণও পান না। দুই কোটি টাকার বেশি ঋণ পাওয়া কঠিন হওয়ায় বড় পরিসরে বিনিয়োগ করাও সম্ভব হয় না অনেকের পক্ষে। অথচ সহজ ঋণের সুযোগ থাকলে উদ্যোক্তা বাড়ত, বাড়ত কর্মসংস্থানও।
রাঙামাটির সাধন চাকমা ২০ একর জমিতে আনারস চাষ করেন। তিনি জানান, জেলার ছয়টি উপজেলার মধ্যে নৌপথেই মূলত যোগাযোগ করতে হয়। কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে যোগাযোগ ও পণ্য পরিবহনে সমস্যা আরও বাড়ে। হ্রদে ড্রেজিং করা গেলে এই সমস্যার কিছুটা সমাধান হতো। স্থলপথও সব জায়গায় উন্নত নয়, ফলে সময় ও খরচ দুই-ই বাড়ে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরের পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আব্দুর রশীদ বলেন, পার্বত্য এলাকায় সহনশীল ও উচ্চফলনশীল জাতের ফল উদ্ভাবন এবং অমৌসুমি ফলের চাষ বাড়ানো দরকার। এর মাধ্যমে স্থানীয়দের আয় বাড়বে, সুফল পাবে সারা দেশ। কারণ পার্বত্য চট্টগ্রামে দেশের মোট জমির প্রায় ১০ শতাংশ অবস্থিত। অথচ এখানকার ৮৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং ৭৮ শতাংশ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। এই ফলের বাজার তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।
তবে চাষিদের সামনে আছে আরও কিছু বাস্তব সমস্যা। রাঙামাটির ফলচাষি সোহেল মারমা জানান, পাহাড়ে সেচ দেওয়া অন্যতম প্রধান সমস্যা। বিশেষ করে এপ্রিল মাসে বৃষ্টি না হলে ফলের ঝরেপড়া বেড়ে যায়। বন উজাড়ের কারণে বৃষ্টিপাত কমে গেছে এবং পাহাড়ের ঝিরিগুলোতে পানির সঞ্চয়ও থাকে না। ফলে ঝিরি বা পাহাড়ি খাদে জমা জলাশয়ের পানি ব্যবহার করে সেচ দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এই সংকট মোকাবিলায় ‘ড্রিপ সেচ’ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এতে কম পানিতে গাছের গোড়ায় সেচ দেওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, ফলের গাছে পোকা ও রোগব্যাধি নিয়ন্ত্রণেও সমস্যা রয়েছে। এজন্য প্রয়োজন সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ, যাতে রাসায়নিক ব্যবহার কমিয়ে নিরাপদ চাষ নিশ্চিত করা যায়।
সার্বিকভাবে পার্বত্য চট্টগ্রামের ফলচাষ একটি সম্ভাবনাময় খাত। কিন্তু এই খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দরকার প্রাতিষ্ঠানিক সহায়তা, সুষ্ঠু অবকাঠামো, সহজ শর্তে ঋণ ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার। তখনই এই তিন জেলার পাহাড়ি জমি শুধু কৃষির বিকাশ নয়, আর্থ-সামাজিক পরিবর্তনেরও প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে।

