বহুজাতিক তামাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ তাদের ঢাকার কারখানা ও প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির নিবন্ধিত অফিস মহাখালী ডিওএইচএস থেকে সরিয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দেওড়া, বালিভদ্র বাজার এলাকায় নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি অধ্যায়ের ইতি ঘটছে।
বিএটির এই কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের লিজ চুক্তি নবায়ন না হওয়ায় কোম্পানিটি আদালতের শরণাপন্ন হয়। তবে সুপ্রিম কোর্টে আপিল খারিজ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটিকে মোহাখালী এলাকার জমি ছাড়তে বাধ্য করা হয়েছে।
গত ২৯ মে আপিল বিভাগের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের আগের রায় বহাল রাখেন। এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিএটির রিট আবেদন খারিজ করে দেন, যা তাদের অবস্থান আরও দুর্বল করে তোলে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ দেশের অন্যতম বৃহৎ তামাক উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন করে আশুলিয়ায় কার্যক্রম স্থানান্তর করলেও প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে।

