ঈদের ছুটিতে রাজধানীজুড়ে প্রযুক্তিপণ্যের দোকানগুলোতে ছিল নিস্তব্ধতা। অধিকাংশ শিক্ষার্থী ও ক্রেতা ঢাকার বাইরে অবস্থান করায় বাজারে ছিল ক্রেতাশূন্যতা। তবে ছুটি শেষে বাজারে ফিরেছে আগের চেহারা। খুলেছে সব দোকান, ক্রেতারা স্বাভাবিক গতিতেই ভিড় করছেন প্রযুক্তিপণ্য কেনার জন্য। দোকানগুলোতে প্রসেসরের কিছু মডেলে সামান্য মূল্যহ্রাস দেখা গেলেও সামগ্রিকভাবে প্রযুক্তিপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে পাওয়া তথ্য অনুযায়ী, প্রসেসর থেকে শুরু করে র্যাম, মাদারবোর্ড, মনিটর, হার্ডডিস্ক, গ্রাফিকস কার্ড, প্রিন্টার, কেসিং, ইউপিএস, রাউটার ও অ্যান্টিভাইরাস—প্রায় সব ধরনের যন্ত্রাংশের আপডেটেড মূল্য তুলে ধরা হয়েছে।
ইন্টেল প্রসেসরের ক্ষেত্রে কোর আলট্রা ৯ ২৮৫কে (৫.৭০ গিগাহার্টজ) মডেলটির দাম ৭২ হাজার টাকা। কোর আই-৯ (৬.০০ গিগাহার্টজ) ১৪ প্রজন্মের র্যাপ্টর লেক রিফ্রেশ পাওয়া যাচ্ছে ৫৫ হাজার ৫০০ টাকায়। কোর আই-৭ এর দুটি ভিন্ন প্রজন্মের মডেলের দাম যথাক্রমে ৪৪ হাজার ৫০০ ও ৪০ হাজার টাকা। কোর আই-৫ সিরিজের মডেলগুলো ২০ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৯ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কোর আই-৩ (১৩ প্রজন্ম) বিক্রি হচ্ছে ১৩ হাজার ৫০০ টাকায়। এএমডি প্রসেসরের দামে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। রাইজেন ৯ ৭৯০০এক্স মডেলটি ৩৯ হাজার টাকা, রাইজেন ৭ ৭৭০০এক্স ৩৩ হাজার টাকা এবং রাইজেন ৫ ৫৬০০জি পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৮০০ টাকায়।
আসুস, গিগাবাইট ও এমএসআই ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মাদারবোর্ড ৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিশেষত গেমিং সিরিজের মডেলগুলো কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। র্যামের ক্ষেত্রে ট্রান্সসেন্ড, করজেয়ার, জিস্কিল, টুইনমসসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিডিআর-৩ ও ডিডিআর-৪ মডেলের র্যাম ১ হাজার ৩৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার ৯০০ টাকায় মিলছে।
সিগেট ও তোশিবার হার্ডডিস্ক ৭ হাজার ৬০০ থেকে ১৭ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এসএসডির মধ্যে স্যামসাং, এইচপি ব্র্যান্ডের ১২০ জিবি থেকে শুরু করে ৫০০ জিবি পর্যন্ত মডেলগুলোর দাম ২ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে রয়েছে। ওয়েস্টার্ন ডিজিটাল, তোশিবা, এডেটা ও ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ১ থেকে ৪ টেরাবাইট ধারণক্ষমতার বহনযোগ্য হার্ডডিস্কগুলোর দাম ৭ হাজার থেকে ১৭ হাজার ২০০ টাকার মধ্যে।
এইচপি, ডেল, এলজি, এমএসআই এবং স্যামসাংয়ের ১৮.৫ থেকে ২৪ ইঞ্চির মধ্যে মনিটর পাওয়া যাচ্ছে ১০ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে। ফুল এইচডি কার্ভড বা বিশেষ ফিচারযুক্ত মডেলগুলো কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। গিগাবাইট, আসুস ও এমএসআই-এর বিভিন্ন মডেলের গ্রাফিকস কার্ডের দাম ৯ হাজার ৩০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। হাই পারফরম্যান্স ও গেমিং গ্রাফিকস কার্ডের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। লজিটেক, এফোরটেক, হ্যাভিট ও রয়েল ক্লুজ ব্র্যান্ডের কিবোর্ড ৫০০ টাকা থেকে ৪ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। প্রিন্টারের ক্ষেত্রে এইচপি, এপসন ও ক্যাননের ইনজেট ও লেজার প্রিন্টারের দাম ৮ হাজার ৫০০ টাকা থেকে ১৯ হাজার ৫০০ টাকার মধ্যে রয়েছে। কম্পিউটার কেসিংয়ের দাম ১ হাজার থেকে শুরু করে ৩৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত। ইউপিএসের দাম ৩ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ১১ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে, যা ব্র্যান্ড ও ক্ষমতার ওপর নির্ভর করে।
ক্যাসপারস্কি, ইসেট, বিটডিফেন্ডার ও প্যান্ডা ব্র্যান্ডের এক বছর মেয়াদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ৪৫০ থেকে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। রাউটারের ক্ষেত্রে টিপি–লিংক, ডি–লিংক, টেন্ডা ও আসুস ব্র্যান্ডের সিঙ্গেল ও ডুয়াল–ব্যান্ড ওয়াই–ফাই রাউটার ১ হাজার ১০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানে শুধুমাত্র যন্ত্রাংশের মূল্য উল্লেখ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ একটি কম্পিউটার কেনেন, তবে সেটার সঙ্গে সার্ভিস চার্জও যুক্ত হবে। একই সঙ্গে, ঢাকার বিভিন্ন বাজার অনুযায়ী দামে সামান্য হেরফেরও থাকতে পারে।

