ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল–সিস্তানি সতর্ক করেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হলে পুরো অঞ্চলে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হবে।
আল–সিস্তানি বলেন, “এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ব্যাপক বিশৃঙ্খলা ডেকে আনবে, যা জনগণের দুর্ভোগ আরও বাড়াবে এবং সবার স্বার্থেরই মারাত্মক ক্ষতি করবে।”
বিশ্বজুড়ে কোটি কোটি শিয়া মুসলমানের কাছে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃত এই আলেম আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই জোরালোভাবে এগিয়ে এসে এই ‘অন্যায় যুদ্ধ’ বন্ধ করা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনা নিরসনে।
এই বক্তব্যে তিনি পরিষ্কারভাবে সংকেত দিয়েছেন যে, কূটনৈতিক সমাধানই একমাত্র টেকসই পথ—না হলে সমগ্র অঞ্চল জুড়েই ভয়াবহ অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

