২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যের ওপর সঠিকভাবে কর আরোপ করা হলে শুধু সিগারেট খাত থেকেই অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব বলে মনে করে তামাকবিরোধী দুটি সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে প্রজ্ঞার পক্ষে মূল উপস্থাপনা করেন হাসান শাহরিয়ার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত। অনুষ্ঠানে আত্মা ও প্রজ্ঞাসহ অন্যান্য তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। হাসান শাহরিয়ার বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশের মাথাপিছু আয় প্রায় ১১.৫ শতাংশ বেড়েছে। অথচ বাজেটে সিগারেটের দাম কিছুটা বাড়লেও টানা ষষ্ঠবারের মতো বিড়ির দাম এবং দশমবারের মতো বিড়ির ওপর করহার অপরিবর্তিত রাখা হয়েছে। এই অবস্থায় সিগারেট আরও সহজলভ্য হয়ে উঠবে এবং বিড়ি ব্যবসা লাভজনক হয়ে উঠবে, যা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়াবে।
সংবাদ সম্মেলনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী তুলে ধরা হয়, গত এক বছরে মিনিকেট চালের দাম বেড়েছে ১৩.৫৭ শতাংশ, খোলা সয়াবিন তেলের দাম ১১.৬৭ শতাংশ, সাদা লেখার কাগজের দাম ৭.৬৯ শতাংশ, রুই মাছের দাম ৭.৩৫ শতাংশ এবং ডিমের দাম বেড়েছে ৩.৬৬ শতাংশ। এই বাস্তবতায় তামাকপণ্যের দাম অপরিবর্তিত থাকলে তা নিত্যপ্রয়োজনীয় পণ্যের তুলনায় আরও সস্তা হয়ে যাবে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
প্রস্তাবিত সংস্কারে বলা হয়, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা হোক। উচ্চ স্তরের সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণের প্রস্তাবও করা হয়। একইসঙ্গে ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার মূল্য ৫৫ টাকা এবং গুলের মূল্য ৩০ টাকা করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং সকল তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার সুপারিশ করা হয়।
প্রজ্ঞার বিশ্লেষণ অনুযায়ী, এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে ধূমপানের হার হ্রাস পাবে এবং সরকার অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রায় ৯ লাখ তরুণসহ ১৭ লাখের বেশি মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। সিপিডির সৈয়দ ইউসুফ সাদাত বলেন, “বর্তমানে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের পার্থক্য কম থাকায় ভোক্তারা সহজেই এক স্তর থেকে অন্য স্তরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে করনীতি সঠিকভাবে কার্যকর হচ্ছে না। এজন্য এই দুই স্তরকে একত্র করে চার স্তরের পরিবর্তে তিন স্তরের সিগারেট মূল্য কাঠামো প্রণয়ন জরুরি।”
সংবাদ সম্মেলনে আত্মা’র কনভেনর মতুর্জা হায়দার লিটন, কো-কনভেনর মিজান চৌধুরী, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশের অন্যান্য খাতে সংস্কার হলেও তামাক খাতে দীর্ঘদিন ধরে সেই সংস্কার উপেক্ষিত থাকছে। স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে হলে এবং যুবসমাজকে রক্ষা করতে হলে এখনই তামাক কর ব্যবস্থায় কার্যকর সংস্কার আনতে হবে।

