সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকগুলোর রাখা অর্থ এক বছরে ৩৩ গুণ বেড়েছে। ২০২৩ সালে যেখানে জমা ছিল মাত্র ১ কোটি ৭ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৫৮৯ দশমিক ৫৪ মিলিয়নে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৮৩২ কোটি টাকা।
সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, বিপুল এই অর্থের সিংহভাগ জমা হয়েছে বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। গত বছর ব্যাংকের নামে জমা ছিল ৩ দশমিক ৪৮ মিলিয়ন ফ্রাঁ। এক বছর পর তা বেড়ে হয়েছে ৫৭৬ দশমিক ৬১ মিলিয়ন ফ্রাঁ। এটি গত ৩০ বছরে পঞ্চম সর্বোচ্চ এবং গত পাঁচ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশিদের নামে জমা হয়েছিল সবচেয়ে বেশি অর্থ ৮৭১ দশমিক ১ মিলিয়ন ফ্রাঁ।
এই অস্বাভাবিক উল্লম্ফন ঘিরে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ তো সুইজারল্যান্ড থেকে বড় কোনো আমদানি করে না। তাই বাণিজ্যিক লেনদেনে এ পরিমাণ অর্থ যাওয়ার কথা নয়।” তার মতে, এসব লেনদেন সম্ভবত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগেই হয়েছে। সরকার বদলের পর এত বড় অঙ্কে টাকা স্থানান্তরের সুযোগ থাকে না বলেও মনে করেন তিনি। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ের আমানত কিছুটা কমেছে। ২০২৩ সালে ব্যক্তিদের জমা ছিল ১২ দশমিক ৬২ মিলিয়ন ফ্রাঁ, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কম। অন্যদিকে অন্যান্য উৎস থেকে জমা সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ৩১ মিলিয়ন ফ্রাঁ।
আন্তর্জাতিক কর স্বচ্ছতা ও অর্থপাচার রোধে বিশ্বের ১০৮টি দেশ ‘অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন (AEOI)’ নামের একটি তথ্য বিনিময় চুক্তিতে যুক্ত হলেও বাংলাদেশ এখনও তার বাইরে রয়েছে। ২০২৪ সালে সুইস ট্যাক্স কর্তৃপক্ষ অংশীদার দেশগুলোর সঙ্গে ৩৭ লাখ ব্যাংক হিসাবের তথ্য বিনিময় করেছে। কিন্তু বাংলাদেশ তার আওতায় না থাকায় কোনো তথ্য পায়নি। অথচ প্রতিবেশী ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই এই ব্যবস্থায় যুক্ত হয়েছে। ২০২২ সালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সুইজারল্যান্ডের কাছে ৬৭ বাংলাদেশির তথ্য চাইলেও, কেবল একজনের তথ্য দিয়েছে সুইস কর্তৃপক্ষ।
এই বিষয়ে ড. জাহিদ হোসেন বলেন, “আগের সরকারগুলো অনেক আলোচনা করলেও, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এখন অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে চুক্তিতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়বে।”

