অগ্রণী ব্যাংক পিএলসি অনির্দিষ্টকালের জন্য এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২১ জুন) থেকে এই কার্যক্রম স্থগিত থাকবে। শুক্রবার (২০ জুন) ব্যাংকের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে এজেন্ট ব্যাংকিং বন্ধ থাকলেও গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যেকোনও শাখা থেকে ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন।
বিক্রয় বা সেবা বন্ধের কারণ নির্দিষ্ট করে বলা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি অনিবার্য কারণের জন্য সাময়িক পদক্ষেপ। গ্রাহকদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় তাদের ৫৬৭টি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট থেকে নগদ জমা-উত্তোলন, হিসাব খোলা, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধসহ নানা সেবা দেওয়া হয়। এজেন্ট ব্যাংকিং বন্ধ থাকায় এসব সেবা আপাতত শুধুমাত্র শাখায় গিয়ে নিতে হবে।

