পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণায় উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে শিক্ষকপ্রতি ২ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, আগ্রহী শিক্ষকরা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে কমিশনের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। ইউজিসি জানিয়েছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই গবেষণা সহায়তা উন্মুক্ত। তবে প্রভাষক পর্যায়ের শিক্ষকদের জন্য আবেদন করতে হলে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
যেসব শিক্ষক ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পে যুক্ত, তারা নতুন করে আবেদন করতে পারবেন না যতক্ষণ না বর্তমান প্রকল্প শেষ হয়। একইসঙ্গে, একজন শিক্ষক শুধুমাত্র একটি গবেষণা প্রস্তাবেই প্রধান গবেষক হিসেবে আবেদন করতে পারবেন। তবে তিনি চাইলে অন্য গবেষকের প্রকল্পে সহযোগী হিসেবে যুক্ত থাকতে পারবেন। বিভিন্ন শাখাভেদে অনুদানের পরিমাণও নির্ধারণ করে দিয়েছে ইউজিসি। কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার গবেষণার জন্য বরাদ্দ থাকছে ২ লাখ ৬০ হাজার টাকা। আর বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় গবেষণার জন্য মিলবে সর্বোচ্চ ৩ লাখ টাকা।
গবেষণা অনুদান ব্যয় এবং প্রকল্প বাস্তবায়নে ইউজিসির সব নিয়ম-কানুন ও নির্দেশনা মানা বাধ্যতামূলক। গবেষণা প্রস্তাব জমা ও অন্যান্য বিস্তারিত তথ্য ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) পাওয়া যাবে।

