আমদানি করা এলএনজি জাহাজ ভেড়াতে না পারায় গত তিন দিন ধরে সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই সময়ে কলকারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে সরাসরি এর প্রভাব পড়ে। রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হয় বহু এলাকায়। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। শুক্রবার দুপুর নাগাদ অনেক এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।
পেট্রোবাংলার অপারেশন অ্যান্ড মাইন বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, “শুক্রবার দুপুর ১২টার হিসাব অনুযায়ী, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে এক হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস সরবরাহ হচ্ছে। এতে করে জাতীয় গ্যাস সরবরাহ ২৮৫০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি পৌঁছেছে।”
রাজধানীর মিরপুর-২ এলাকার ‘আল্লাহর দান’ রেস্তোরাঁর ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, গত দুই দিন ধরে এলাকায় গ্যাস নেই। হোটেলের চুলায় লাইনের গ্যাস নেই, বাধ্য হয়ে এলপি গ্যাসে রান্না করছি। মিরপুর মধ্য পিরেরবাগ এলাকার বাসিন্দা পপি আক্তার বলেন, দীর্ঘদিন গ্যাস ঠিক ছিল। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছি। ইলেকট্রিক চুলা কোথায় রেখেছি মনে ছিল না। একদিন না খেয়ে থাকতে হয়েছে।
চট্টগ্রামসহ বিভিন্ন শহরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে দীর্ঘ লাইন। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, বুধবার থেকেই অনেক এলাকায় স্টেশনগুলো গ্যাসশূন্য হয়ে পড়ে। এলএনজি টার্মিনালে সমস্যা হওয়ার কারণেই এমন হয়েছে বলে জেনেছি। বৈরী আবহাওয়ার কারণে সাগরে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালে (সামিট এলএনজি ও এক্সিলারেট এনার্জি) এলএনজি কার্গো ভেড়ানো সম্ভব হয়নি। এতে জাতীয় গ্যাস সরবরাহ প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট কমে যায়।
পরিস্থিতির কারণে কয়েক দিন ধরে গ্যাস সরবরাহের দৈনিক প্রতিবেদন প্রকাশ বন্ধ রেখেছে পেট্রোবাংলা। সর্বশেষ পাওয়া তথ্যে দেখা যায়, যেখানে দেশের দৈনিক গ্যাস সরবরাহ ছিল ২৮০০ মিলিয়ন ঘনফুট, তা নেমে আসে দুই হাজার মিলিয়ন ঘনফুটের নিচে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন জাতীয় গ্রিডে স্বাভাবিক সরবরাহ ফিরে এসেছে।
পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম বলেন, সিস্টেমে চাপ ফেরার সঙ্গে সঙ্গে গ্রাহক পর্যায়েও গ্যাস মিলবে। তবে তা সময় সাপেক্ষ।

