ইসরায়েল গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যায়। সংঘাত যত তীব্র হয়েছে, ততই ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দর। তবে এক সপ্তাহ পার হতেই বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র দামে এসেছে কিছুটা স্বস্তি। শুক্রবার (গতকাল) ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ২ শতাংশের বেশি। ফলে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২০ মার্কিন ডলার। যদিও গত সপ্তাহজুড়ে মোট দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। আজ শনিবার সকালে দাম আরও কমে হয়েছে ৭৭ দশমিক ০১ ডলার। বিশেষজ্ঞদের মতে, এই দাম কমা ক্ষণস্থায়ী হতে পারে। ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেলের বাজার রয়ে গেছে অস্থির। বৃহস্পতিবার হঠাৎ করে দাম বেড়ে গেলেও শুক্রবার সকালেই তা পড়ে যায়। শনিবারও সেই ধারাই অব্যাহত।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলমান উত্তেজনার মধ্যেই ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে, ইরান যত দ্রুত সম্ভব বাজারে তেল ছাড়তে চায়। মার্কেটসের বিশ্লেষক হেল্গে আন্দ্রে মার্টিনসেন বলেন, “ইরান আরও বেশি পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্রে পাঠাচ্ছে। তাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব বাজারে তেল ছাড়া।”
বিশ্ব অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে বাণিজ্যনীতি ও ভূরাজনৈতিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিছু অশুল্ক বিষয়ে সমঝোতার ইঙ্গিত মিললেও নতুন করে শুল্ক আরোপ হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। এমন প্রেক্ষাপটে মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছেন, শুধু শুল্কজনিত মূল্যবৃদ্ধির কারণে নীতিনির্ধারণ থেমে থাকা উচিত নয়। বরং জুলাই মাসেই সুদের হার কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তারা চীনে মার্কিন প্রযুক্তি ব্যবহারে অনুমতি পাওয়া সেমিকন্ডাক্টর প্রস্তুতকারকদের দেওয়া বিশেষ ছাড়পত্র বাতিল করতে চায়। বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে।
তেলের দামের ওঠানামায় যুক্তরাষ্ট্রের ভূমিকাও বড় হয়ে উঠছে। প্রশ্ন উঠছে—ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় নিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের এই সময় নেওয়ার সিদ্ধান্তই শুক্রবার কিছুটা বাজারে স্বস্তি ফিরিয়েছে। তবে সামনের দিনগুলোতে বাজারের দৃষ্টি থাকবে ভূরাজনৈতিক পরিস্থিতির দিকেই।

