নীলফামারীর মরিচচাষিরা এবার ব্যাপক লোকসানে পড়েছেন। কাঁচামরিচের দাম রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় হতাশা আর ক্ষোভে দিন কাটছে তাদের। উপজেলার হাটবাজারগুলোতে এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে মাত্র ৬ থেকে ৭ টাকায়। খুচরা বাজারেও এই দর ১০ টাকার বেশি নয়।
তবে মাত্র এক মাস আগেও একই মরিচ বিক্রি হয়েছে ৮০ থেকে ১৬০ টাকায়। ফলে কৃষকেরা এখন মরিচ তুলেও বাজারে আনতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর ও সৈয়দপুর সদর ইউনিয়নে মরিচ চাষ বেশি হয়ে থাকে। চলতি মৌসুমে আবহাওয়া ও পরিচর্যা অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। কিন্তু দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে।
বোতলাগাড়ী ইউনিয়নের চাষি আব্দুল জব্বার জানান, “মরিচ তুলতে, শ্রমিক দিতে আর বাজারে নিতে কেজিতে খরচ পড়ে ১০-১১ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৬-৭ টাকায়। প্রতি কেজিতে ৩-৪ টাকা লোকসান। বাজারে নিলে বিক্রি হয় না, আবার ঘরে রাখলেও পচে যাচ্ছে।অনেকেই মাঠে পাকা মরিচ রেখেই তুলছেন না। কারণ, তুললেই লোকসান। তাই জমিতেই নষ্ট হচ্ছে মরিচ।
স্থানীয় আরেক কৃষক সফিকুল ইসলাম বলেন, “এক মাস আগেও ১০০ টাকায় কেজি বিক্রি করেছি। এখন ৬-৭ টাকা। পাইকাররা জোর করে দাম কমিয়ে নিচ্ছে। সরকার যদি এখনই কিছু না করে, তাহলে আমরা এই চাষ ছেড়ে দিতে বাধ্য হব।” চাষিরা বলছেন, সরকারি সহায়তা ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। সরাসরি বিক্রির সুযোগ এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে।
জেলার কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন, এবার কাঁচামরিচের উৎপাদন বেড়েছে। কিন্তু রপ্তানি ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে সরবরাহ বেড়ে দাম পড়ে গেছে। তাদের মতে, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির ব্যবস্থা করা গেলে ভবিষ্যতে চাষিরা সঠিক দাম পাবে।

