বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতায় চলে আসছে। ফলে ভুয়া নামে, জামানত ছাড়া এবং অনিয়মিতভাবে ঋণ দেওয়ার ঘটনা ছিল নিয়মিত। এসব ঋণের বড় অংশই এখন খেলাপি হয়ে গেছে। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। দিনের পর দিন এই খাতের প্রকৃত অবস্থা প্রকাশ্যে আসছে যা অত্যন্ত ভয়াবহ। অভিজ্ঞ ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই অবস্থা থেকে ব্যাংকিং খাতের পুনরুদ্ধার এখন প্রায় অসম্ভব।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের ধারণা, আগামী ছয় মাসে এই অঙ্ক ৮ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে—যা দেশের ব্যাংকগুলো বিতরণ করা মোট ঋণের প্রায় অর্ধেক (১৭.১২ লাখ কোটি টাকা)। এর মধ্যে ৮১ শতাংশ ঋণ ‘মন্দ ও লোকসানি’ শ্রেণিতে পড়েছে, অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে এসব ঋণের কোনো কিস্তি পরিশোধ হয়নি। ফলে ব্যাংকগুলো পড়েছে তীব্র তারল্য সংকটে। অনেক ব্যাংক আমানতকারীদের টাকাও ফিরিয়ে দিতে পারছে না। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১৬টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই ব্যাংকগুলোর হাতে রয়েছে খেলাপি ঋণের ৭৭ শতাংশ, অর্থাৎ ৩.২৫ লাখ কোটি টাকা।
ব্যাংকগুলো সাধারণত দুটি ধরনের ঋণ দেয় ‘ফান্ডেড ও নন-ফান্ডেড’। জামানত ছাড়া ঋণ দেওয়ার রীতি এখন বড় বিপর্যয়ে রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রেই কেবল পরিচিতি, সুনাম বা পূর্বের লেনদেন বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে। আবার যেসব ঋণে জামানত রাখা হয়েছে, সেগুলোতেও অতিমূল্যায়নের আশ্রয় নেওয়া হয়েছে। যেমন- যে জমির বাজারমূল্য ১ লাখ টাকা, সেটি দেখানো হয়েছে ১০ লাখ টাকা। উদ্দেশ্য ছিল, ঋণ খেলাপি হলেও লাভে থাকা। একই সম্পত্তি একাধিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহার করে ঋণ নেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে ওই সম্পত্তি বিক্রি করাও এখন কঠিন হয়ে পড়েছে। বড় ঋণগুলো দেওয়া হয়েছে একাধিক ব্যাংকের সমন্বয়ে, যাকে বলা হয় সিন্ডিকেট ঋণ। কোনো কোনো ক্ষেত্রে এক একটি ঋণে ১৫টি পর্যন্ত ব্যাংক জড়িত। খেলাপি হওয়ার পর এগুলো সমন্বয় করে আদায় করা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এস আলম গ্রুপ একাই ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২.২৫ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। বেক্সিমকো গ্রুপ নিয়েছে ৫০ হাজার কোটি টাকার বেশি।বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব ঋণের বড় অংশ হয়তো আর কখনো আদায় করা যাবে না। কারণ এর বড় অংশই বিদেশে পাচার হয়ে গেছে। আন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমানোর জন্য নানা উদ্যোগ নিয়েছে। গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর পুরোনো খেলাপি ঋণের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করছেন।
২০২৫ সালের ৩০ জানুয়ারি ৫০ কোটি টাকার বেশি বড় ঋণ পুনর্গঠনের জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। তবে জমা পড়া ১,২৫৩টি আবেদনের একটিও নিষ্পত্তি হয়নি। কারণ, বেশিরভাগ আবেদনকারী প্রকৃত ক্ষতিগ্রস্ত নন। পাঁচটি সংকটাপন্ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, একীভূতকরণ খেলাপি ঋণের সমস্যা একাই সমাধান করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থার মাধ্যমে আদালতের বাইরে সমঝোতার পথও খুঁজছে। তবে খেলাপি ঋণ আদায়ে সরকারের সিদ্ধান্ত ছাড়া এগোনো সম্ভব নয়।
বিশেষজ্ঞ জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশে বহু ঋণ মামলা ১৫-২০ বছর ধরে ঝুলে আছে। আদালতের সংস্কার না হলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করেও লাভ হবে না।” অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ব্যাংকগুলোকে সহায়তা দিতে ৩০ হাজার কোটি টাকার বেশি অর্থ ছেপেছে। তবে খেলাপি ঋণ আদায় না হলে আরও অর্থ ছাপানোর প্রয়োজন হতে পারে, যা মূল্যস্ফীতি বাড়াবে। ব্যাংকাররা বলছেন, নতুন আমানতের বড় অংশ সরকার খরচ করছে। ফলে বেসরকারি খাতে ঋণ দেওয়ার সুযোগ কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, প্রতিবছর ব্যাংক খাতে গড়ে ১.৪৫ লাখ কোটি টাকার নতুন আমানত যোগ হয়। এর মধ্যে ১.০৪ লাখ কোটি টাকার মতো সরকার ধার নিচ্ছে। ফলে নতুন আমানতকারীদের জন্য ব্যাংকের হাতে তেমন কিছু থাকছে না। বর্তমানে বেসরকারি খাতে ঋণের চাহিদা কম। তবে আগামি এক-দেড় বছরে তা বাড়তে পারে। কিন্তু ব্যাংকগুলো সেই চাহিদা মেটাতে পারবে না যদি খেলাপি ঋণের সংকট সমাধান না হয়।
এই সংকট শুধুই ব্যাংকিং খাতের নয়, এটা এখন দেশের সামগ্রিক অর্থনীতির বড় হুমকি। উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ—সবকিছুতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এবং সেই প্রভাব দীর্ঘমেয়াদি হবে।

