বাংলাদেশে সুশাসন, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়াতে ৫০ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (২১ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘গভর্নেন্স ও প্রাতিষ্ঠানিক সহনশীলতা জোরদার নীতিগত ঋণ কর্মসূচি’ শীর্ষক এই অর্থায়ন সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।
এ উদ্যোগের আওতায় কর প্রশাসন জোরদার, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে।বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করতে হলে সরকারি অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। সরকারের চলমান সংস্কারগুলো প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও জনসেবার মান বাড়াতে সহায়ক হবে।” বিশ্বব্যাংক জানায়, রাজস্ব আহরণে বাংলাদেশ এখনও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম নিম্ন স্থানে রয়েছে। ফলে সরকার প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। এ কারণে কর নীতিতে স্বচ্ছতা বাড়াতে এবং কর প্রশাসনকে দক্ষ করতে পদক্ষেপ নেওয়া হবে।
নতুন কর্মসূচিতে কর ছাড় দেওয়ার ক্ষেত্রে সংসদের অনুমোদন বাধ্যতামূলক করার উদ্যোগ থাকবে। বর্তমানে এ প্রক্রিয়া খণ্ডকালীন ও অসংগঠিতভাবে চলে। আর্থিক খাতে জবাবদিহিতা বাড়াতে করপোরেট গভর্নেন্স ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। একই সঙ্গে ব্যাংক খাতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে পূর্ণাঙ্গ রেজুলেশন ক্ষমতা দেওয়া হবে। সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে ২০২৭ সালের মধ্যে সব প্রকল্পের প্রস্তাবনা প্রকাশ বাধ্যতামূলক করা হবে। ই-জিপি বা ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা সর্বত্র চালুর পাশাপাশি দর সীমা তুলে নেওয়া ও প্রকৃত উপকারভোগীর পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতিযোগিতা বাড়বে, দুর্নীতি কমবে। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা সক্ষমতা বাড়ানো হবে, যাতে আর্থিক জবাবদিহিতা আরও দৃঢ় হয়।
সেবা মান উন্নয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে লক্ষ্যভিত্তিক সহায়তার জন্য একটি ডায়নামিক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ও প্রকল্প পরিচালক ধ্রুব শর্মা বলেন, “এই অর্থায়ন নাগরিকদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়ন আরও বেগবান হবে।”
এই সহায়তা অনুমোদনের মাধ্যমে ২০২৫ অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের নতুন প্রতিশ্রুতি দাঁড়াল ৩ দশমিক ০৭ বিলিয়ন ডলার। স্বাধীনতা-পরবর্তী সময়ে সংস্থাটি বাংলাদেশকে মোট ৪৬ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ দিয়েছে, যার বড় অংশই ছিল সুদমুক্ত বা স্বল্পসুদে

