বোরো মৌসুমে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ চাল উৎপাদিত হলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বরং কুরবানির ঈদের পর চালের দাম হঠাৎ কেজিতে ৪ থেকে ৮ টাকা বেড়েছে। এতে সাধারণ ভোক্তা যেমন চাপে পড়েছেন, তেমনি কৃষকরাও অসন্তোষ প্রকাশ করছেন।
সরকারি হিসাব অনুযায়ী, এবার ৪৮ লাখ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে রেকর্ড ২ কোটি ১৪ লাখ টন চাল। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৯৫ শতাংশের বেশি বোরো ধান কাটা শেষ হয়েছে। কিছু এলাকায় ধান কাটা এখনো চলমান। ঢাকার খুচরা বাজারে মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৮২ টাকায়। ঈদের আগে এই চালের দাম ছিল ৭২–৭৪ টাকা। মোজাম্মেল মিনিকেটের দাম ৭৫ টাকা থেকে বেড়ে এখন ৮৮–৯০ টাকায় পৌঁছেছে।
মাঝারি মানের ব্রি-২৮, ব্রি-২৯ এবং পাইজাম চালের দাম কেজিতে ৪ টাকা বেড়ে ৬০–৬৪ টাকা হয়েছে। মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৭–৫৮ টাকায়, যা আগের তুলনায় ২–৩ টাকা বেশি। রাজধানীর কারওয়ান বাজারে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার টাকায়। ঈদের আগে এই দাম ছিল ৩ হাজার ৫০০–৩ হাজার ৬০০ টাকা। একইভাবে ব্রি-২৮ ও পাইজামের ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ টাকায়, যা আগে ছিল ২ হাজার ৮০০–২ হাজার ৯০০ টাকা। পাইকারি চাল ব্যবসায়ী মো.নাহিদ হাসান “এখন চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। কিন্তু ঈদের পর থেকে প্রতিদিনই দাম বাড়ছে।”
বাজার বিশ্লেষক ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, করপোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকরা ঈদের আগেই কৃষকদের কাছ থেকে ধান কিনে গুদামে মজুত করেছেন। এখন কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, “সম্প্রতি বৃষ্টির কারণে ধানের গুণগত মান কিছুটা নষ্ট হয়েছে। এ কারণে ধানের দাম বেড়েছে। গত ১৫–২০ দিনে প্রতি মণ ধানের দাম ১০০–১৫০ টাকা বেড়েছে। ফলে মিল পর্যায়ে কেজিতে ২ টাকা করে বাড়তি খরচ পড়ছে।”
বাজার বিশ্লেষকদের মতে, রেকর্ড উৎপাদন হলেও এর সুফল পাচ্ছেন না কেউই। ধান যখন কৃষকের হাতে থাকে, তখন দাম কমিয়ে রাখা হয়। আবার ব্যবসায়ীদের হাতে যাওয়ার পরই চালের দাম বেড়ে যায়। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, “সবসময়ই দেখা যায়, কৃষকের হাতে ফসল থাকলে দাম কমে যায়। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আর যখন কৃষকের হাত থেকে চলে যায়, তখন দাম বাড়িয়ে ভোক্তাকে বিপদে ফেলা হয়। সরকার এই নিয়ন্ত্রণে ব্যর্থ।”
চালের দাম বাড়লেও অন্যান্য নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি কেজি ১৫০–১৬০ টাকায়, ডিম প্রতি ডজন ১২০–১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কিছুটা কমে এখন ২৬০–২৮০ টাকা কেজিতে নেমেছে। সবজির বাজারেও তেমন বড় ধরনের অস্থিরতা নেই। পটল, ঢ্যাঁড়স ও ঝিঙে বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়। তবে আলুর দাম ৫ টাকা বেড়ে ২৫–৩০ টাকা হয়েছে। পেঁয়াজের দাম কেজি ৫৫–৬০ টাকার মধ্যে রয়েছে।

