বাঁশ, বেত ও কাঠের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নিচ্ছে। শনিবার (২১ জুন) রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শো-রুমের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে উপদেষ্টাকে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো-রুম স্থাপনের স্থান ঘুরিয়ে দেখান কর্তৃপক্ষ।
রিজওয়ানা হাসান বলেন, “মানসম্মত এসব সামগ্রীর বিপণনে আধুনিক একটি শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে একদিকে রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার ও জনগণের মধ্যে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।” তিনি আরও বলেন, “সরকারি উৎপাদিত গৃহস্থালি কাঠসামগ্রীকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএফআইডিসির পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা ও দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট।” উপদেষ্টা মনে করেন, এই সক্ষমতা কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলকভাবে গড়ে তোলা সম্ভব।

