মিয়ানমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া। এতে দক্ষিণ এশিয়ার এই দেশে রুশ জ্বালানি কোম্পানিগুলোর নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে মস্কো। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার অর্থনীতি মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ এবং মিয়ানমারের বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী কান জো আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন।
রুশ অর্থমন্ত্রী জানান, মিয়ানমার কর্তৃপক্ষ সমুদ্র উপকূলবর্তী তেল ও গ্যাস ক্ষেত্র উন্নয়নে রুশ কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে আগ্রহী। এই আগ্রহ রাশিয়া বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। রুশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে মিয়ানমারের দাওয়েই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত এগোবে। সেখানে ইতোমধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে রাশিয়া মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটি অভ্যন্তরীণ সংঘাত, অর্থনৈতিক দুরবস্থা এবং খাদ্য সংকটে ভুগছে। প্রায় ৫ কোটি ৫০ লাখ মানুষের এক-তৃতীয়াংশ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
চলতি বছরের মার্চে জান্তা প্রধান মিন অং হ্লাইং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে একটি ছোট পরিসরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি হয়। এর ঠিক এক মাস আগে, দুই দেশ দাওয়েই অর্থনৈতিক অঞ্চলে একটি বন্দর ও তেল শোধনাগার নির্মাণে সমঝোতা স্মারক সই করে।
শুক্রবার স্বাক্ষরিত নতুন চুক্তি শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ নয়। এটি পরিবহন অবকাঠামো, ধাতুবিদ্যা, কৃষি ও টেলিকম খাতেও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে বলে জানিয়েছে রুশ সরকার। বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে মস্কো মিয়ানমারে প্রযুক্তি ও পরিকাঠামো খাতে নিজের প্রভাব বাড়াতে চায়। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার এমন কৌশল মিত্রতা গড়ে তোলার এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি অংশ

