ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্ববাজারে বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। বাজার খুললেই তেলের দাম হঠাৎ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে নিরাপদ সম্পদের প্রতি ঝোঁক বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
পটোম্যাক রিভার ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক স্পিন্ডেল বলেন, ‘আমি মনে করি, বাজারে প্রথম প্রতিক্রিয়াই হবে আতঙ্ক। এর প্রভাবেই বাড়বে তেলের দাম।’ তিনি বলেন, ‘আমরা এখনো জানি না এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। তা জানতে সময় লাগবে। ট্রাম্প বলছেন, তাঁর মিশন সম্পন্ন হয়েছে। কিন্তু বাস্তবে আমরা এখনো সংঘাতের মধ্যেই আছি। এরপর কী ঘটবে, সেটি বড় প্রশ্ন।’
মার্ক স্পিন্ডেল সতর্ক করে আরও বলেন, ‘এই অনিশ্চয়তা ছড়িয়ে পড়বে পুরো বাজারে। এখন প্রতিটি আমেরিকান নাগরিক এই পরিস্থিতির সঙ্গে জড়িত। হামলার জেরে বাজারে আরও বেশি অনিশ্চয়তা ও অস্থিরতা দেখা দেবে, বিশেষ করে জ্বালানি তেলের দামে।’ বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা একদিকে যেমন শেয়ারবাজারে বিক্রির চাপ তৈরি করবে, অন্যদিকে নিরাপদ সম্পদ হিসেবে ডলার, সোনা ও সরকারি বন্ডের চাহিদা বাড়বে।

