২০২৪ সালে বিশ্বের শীর্ষ ৬৫টি ব্যাংক জীবাশ্ম জ্বালানি খাতে মোট ৮৬৯ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। আগের বছর, ২০২৩ সালে এ পরিমাণ ছিল ৭০৭ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে বেড়েছে ১৬২ বিলিয়ন ডলার। এই বাড়তি অর্থায়নকে ‘উদ্বেগজনক’ বলেছে পরিবেশবাদী মহল। তাদের মতে, এটি জীবাশ্ম জ্বালানির ওপর বৈশ্বিক নির্ভরতা আরও শক্তিশালী করছে। জীবাশ্ম জ্বালানি অর্থায়ন নিয়ে এই তথ্য প্রকাশ করেছে আটটি পরিবেশবাদী সংস্থার যৌথ উদ্যোগে তৈরি ‘ফসিল ফুয়েল ফাইন্যান্স রিপোর্ট ২০২৫’।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে নিট শূন্য নিঃসরণ অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে তেল, গ্যাস ও কয়লা খাতে বার্ষিক বিনিয়োগ কমিয়ে আনতে হবে অর্ধেকে। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বাড়িয়েছে ৬.৫ মিলিয়ন ডলার। এতে ২০২৪ সালে ব্যাংকটির মোট অর্থায়নের পরিমাণ দাঁড়ায় ২.৬২ বিলিয়ন ডলার। ফলে ব্যাংকটি আগের ৪৯তম স্থান থেকে উঠে এসেছে ৪৭তম স্থানে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসবিআই এককভাবে এই খাতে অর্থায়ন করেছে ১০.৬ বিলিয়ন ডলার।
তালিকায় শীর্ষে আছে মার্কিন ব্যাংক জেপিমর্গান চেজ। ২০২৪ সালে তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থ দিয়েছে ৫৩.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৫ বিলিয়ন ডলার বেশি। ক্লাইমেট রিস্ক হরিজোন, একটি ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান জানায়, কয়লা খাতে অর্থায়ন নিয়ে ভারতের ব্যাংকগুলো এখনো পিছিয়ে আছে। বিএসই তালিকাভুক্ত শীর্ষ ১০০০ ব্যাংকের মধ্যে মাত্র দুটি: ফেডারেল ব্যাংক ও আরবিএল ব্যাংক – কয়লা বর্জনের নীতি গ্রহণ করেছে। তাদের মতে, কয়লা এখন আর অর্থনৈতিকভাবে লাভজনক নয়। নবায়নযোগ্য শক্তি ও বিদ্যুৎ স্টোরেজ প্রযুক্তি এখন কম খরচে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
প্রতিবেদনটি বলছে, জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বৃদ্ধির অন্যতম কারণ হলো, অনেক ব্যাংক আগের বর্জন নীতি থেকে পিছিয়ে যাচ্ছে। একসময় এটি কেবল উত্তর আমেরিকায় দেখা যেত, এখন ইউরোপের ব্যাংকগুলোর মধ্যেও এই প্রবণতা ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালের মার্চে মার্কিন ব্যাংক ওয়েলস ফার্গো ঘোষণা দেয়, তারা ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নির্গমনের পরিকল্পনা বাতিল করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন, যা কার্যকর হবে ২০২৬ সালের শুরুতে। ফলে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তির বাইরে থাকা দেশগুলোর (ইরান, লিবিয়া, ইয়েমেন) কাতারে চলে যাবে।
ব্যাংকের অর্থায়নে জীবাশ্ম জ্বালানি শক্তিশালী হচ্ছে – ২০২৪ সালে ব্যাংকগুলোর অর্থায়নের গতিপথ বিগত বছরের উল্টো পথে হাঁটছে। ২০২১ সাল থেকে জীবাশ্ম জ্বালানিতে মোট ৩.৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন হয়েছে। ২০১৬ সালে প্যারিস চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬৫টি ব্যাংক জীবাশ্ম জ্বালানিতে দিয়েছে প্রায় ৭.৯ ট্রিলিয়ন ডলার।
২০২৪ সালে জীবাশ্ম জ্বালানি কম্পানিগুলোর অধিগ্রহণ ও একত্রীকরণ (M&A) খাতে অর্থায়ন ১৯.২ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ৮২.৯ বিলিয়ন ডলারে। যদিও এটি সরাসরি নতুন অবকাঠামো তৈরি নয়, তবে এসব কম্পানির ক্ষমতা ও প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দীর্ঘায়িত করছে

