বাংলাদেশের ফার্নিচার শিল্প এক গভীর সংকটে পড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দেশের রাজনৈতিক অস্থিরতায় খাতটিতে বেচাকেনা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বিক্রির এই ধস স্পষ্ট হতে শুরু করে। বিশেষ করে সরকারি ও করপোরেট পর্যায়ের ক্রয় বন্ধ থাকায় বড় প্রতিষ্ঠানগুলোতে লোকসান এখন দৃশ্যমান। এতে করে ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন ও বিপণন পর্যায়ের হাজারো কর্মজীবী।
রাজধানীর বেগম রোকেয়া সরণির ফার্নিচার ব্যবসায়ীরা বলছেন, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিক্রি একরকম থমকে গেছে। মারুফ ফার্নিচার’- এর সিনিয়র সেলস পার্সন আমিনুল বলেন “আগে প্রতি মাসে চার-পাঁচ লাখ টাকার ফার্নিচার বিক্রি হতো। এখন সেটা নেমে এসেছে দুই লাখ টাকারও কম। এমনকি ঈদের সময়ও ক্রেতা পাওয়া যাচ্ছে না। আমি ৩০ বছর ধরে ফার্নিচার বিক্রি করছি, এমন ধস আগে দেখিনি। নির্বাচনের আগ দিয়ে এমন হয় ঠিকই, কিন্তু এবার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নির্বাচিত সরকার এলে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করছি।”
‘ফার্নিচার গ্যালারি ’-এর ম্যানেজার সওকত জানান, এখন অনেকেই আর সেগুন কাঠের মতো দামি ফার্নিচারে আগ্রহী নন। তার ভাষায়, “আগে মানুষ ঢাকায় এসে ভালো সেগুন কাঠের ফার্নিচার কিনতো। এখন প্রত্যন্ত জেলাগুলোতেও দোকান ছড়িয়ে পড়েছে। ফলে ঢাকামুখী ক্রেতা কমেছে। মাসে যেখানে ২০ লাখ টাকা বিক্রি হতো, এখন সেটা ৮ লাখে নেমে এসেছে। দেশের অস্থিরতায় মানুষ খরচ করতে সাহস পাচ্ছে না।” শুধু শোরুম নয়, বড় ধাক্কা খেয়েছে কারখানাভিত্তিক ফার্নিচার কারিগরীর ক্ষেত্রও। মিরপুর ১১ নম্বরে অবস্থিত ‘আয়শা ফার্নিচার’-এর মালিক নয়ন মিয়া জানান, “আগে চারজন কর্মচারী ছিল। এখন মাত্র দুজন। কারণ, অর্ডারই আসছে না। আগের মতো কাজ জমে নেই, বরং দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছে।”
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান বলেন “এখনকার অবস্থা করোনাকালকেও ছাড়িয়ে গেছে। মেট্রোরেলের নির্মাণকালেও ক্ষতি হয়েছিল, কিন্তু তখন মানুষ আসবাব কিনতো। এখন ক্রেতা আসেই না। নিরাপত্তাহীনতা আর অস্থিরতায় মানুষ টাকা নিয়ে বাইরে বের হতে ভয় পাচ্ছে। নতুন করপোরেট প্রতিষ্ঠান গড়ে উঠছে না, উদ্যোক্তাও তৈরি হচ্ছে না। ফলে চাহিদা মারাত্মকভাবে কমে গেছে। মানুষের মধ্যে ভরসাও কমে গেছে।”

