২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে বাজেটটি অনুমোদন দেওয়া হয়।
এবারের বাজেটে তেমন বড় কোনো পরিবর্তন আনা হয়নি। প্রস্তাবিত কাঠামোই প্রায় অপরিবর্তিত থাকছে। আলোচিত ‘কালো টাকা সাদা করার’ সুযোগও বাতিল করা হয়েছে। ফলে ফ্ল্যাট বা ভবনে বিনিয়োগের মাধ্যমে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ আর থাকছে না। বর্তমানে সংসদ না থাকায় এবার বাজেট পাস হয়েছে বিতর্ক বা ভোটাভুটির প্রচলিত প্রক্রিয়া ছাড়াই। আগামী ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে।
২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। বাজেট ঘাটতি মেটাতে সরকার ঋণ নেবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা আসবে দেশীয় উৎস থেকে এবং ১ লাখ ১০ হাজার কোটি টাকা আসবে বিদেশি উৎস থেকে। ২০২৪–২৫ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। তবে পরে সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয় ও বিভাগে বাড়তি ১ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বাকি ৫২টির বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে বা কমানো হয়েছে।
এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম, যখন নতুন বাজেটের আকার আগের বছরের চেয়ে কমেছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি বছরের ২ জুন বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার গত অর্থবছরের তুলনায় ০ দশমিক ৯ শতাংশ কম।

