জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি হয়ে পড়েছে। এই সংস্কার ছাড়া রাজস্ব ঘাটতি কমবে না বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির মতে, কাঠামোগত দুর্বলতা ও সংস্কারের অভাবেই প্রতি বছর এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হচ্ছে।
রবিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, “এনবিআর প্রতিবছর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। কারণ, সেখানে কোনো কাঠামোগত কিংবা প্রাতিষ্ঠানিক সংস্কার হয়নি। এমন ব্যবস্থায় ঘাটতি চলতেই থাকবে।” সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফাহমিদা খাতুন। এতে আরও অংশ নেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা এবং শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন।
সূচনা বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, “এবার বাজেট ঘোষণার পরপরই আলোচনা ও মতামত দেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। এতে করে জনগণ ও স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর মতামত নীতিনির্ধারকদের কাছে পৌঁছায়নি।” তিনি বলেন, “রাজস্ব আয়ের দিক থেকে আমাদের দেশে পরোক্ষ কর বেশি, যা মূলত সাধারণ জনগণের ওপর বোঝা ফেলে। অন্যদিকে প্রত্যক্ষ করের হার অনেক কম। অথচ পৃথিবীর অনেক দেশে ঠিক উল্টো—প্রত্যক্ষ কর বেশি, পরোক্ষ কর কম।” তার মতে, রাজস্ব আয় পুনর্বণ্টনের জন্য। যাদের আয় বেশি, তাদের কাছ থেকে বেশি কর আদায় করে তা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় খরচ করার কথা। কিন্তু এবারের বাজেট সে দিক থেকে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, “জুলাই–আগস্টে আমাদের আশা ছিল একটি ব্যতিক্রমী বাজেট হবে। আমরা রাজস্ব ঘাটতির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারব। কিন্তু সেটি হয়নি।

