২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত বাজেটে কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, তিনটি খাতে সংশোধন এনে বাজেট পাস করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। আগে যেখানে বরাদ্দ ছিল ৮১ হাজার ৭০০ কোটি টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছে ৯১ হাজার ৭০০ কোটি টাকা। এতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।
অর্থ উপদেষ্টা জানান, জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫০ শতাংশ। এর আগে ২ জুন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেটের খসড়া উপস্থাপন করেছিলেন অর্থ উপদেষ্টা। সেখানে তিনি সুষম সম্পদ বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন।
প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়ায় দুই লাখ ২১ হাজার কোটি টাকা। এতে অনুদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ এক হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ পরিশোধে খরচ হবে ৩৯ হাজার কোটি টাকা। ফলে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে ৯৬ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে এক লাখ ২৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে এক লাখ ৪ হাজার কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত উৎস থেকে নেওয়া হবে ২১ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে আদায় হবে ১২ হাজার ৫০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে এক লাখ ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ এক লাখ কোটি এবং বৈদেশিক ঋণের সুদ ২২ হাজার কোটি টাকা।
নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) লক্ষ্য চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত উৎস থেকে ১৯ হাজার কোটি এবং কর ব্যতিত আয় ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ৩১৭ কোটি টাকা। এর মধ্যে পুনরাবৃত্ত ব্যয় চার লাখ ৯৮ হাজার ৭৮৩ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধেই যাবে এক লাখ ২২ হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে মূলধন ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৫৩৩ কোটি টাকা। উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। বিশেষ প্রকল্পে খরচ হবে সাত হাজার ৭৫১ কোটি এবং স্কিম ব্যয় হবে পাঁচ হাজার ৩০৩ কোটি টাকা।এছাড়া এডিপি বহির্ভূত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানান্তর ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৫৫৫ কোটি টাকা

