বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই তেলের দামে বড় ধরনের উত্থান ঘটেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা।
সোমবার (২৩ জুন) গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ১টা ১৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেল ১ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৮ দশমিক ৯৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১ দশমিক ৮৯ ডলার বা ২ দশমিক ৫৬ শতাংশ। এতে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭৫ দশমিক ৭৩ ডলারে। সেশনের শুরুতে তেলের দাম আরও বাড়ে। তখন ব্রেন্ট প্রতি ব্যারেল ৮১ দশমিক ৪০ ডলার এবং ডব্লিউটিআই ৭৮ দশমিক ৪০ ডলারে উঠে যায়। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকেরা মনে করছেন, এই দাম বৃদ্ধির পেছনে বড় কারণ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা। ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম ওপেকভুক্ত তেল উৎপাদনকারী দেশ। দেশটির পার্লামেন্ট হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে। যদিও অতীতে ইরান বহুবার এমন হুমকি দিয়েছে, তবে কখনো তা বাস্তবায়ন করেনি। এই প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল সরবরাহ হয় এ পথ দিয়ে। সেটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ বলেন, বিকল্প কিছু পাইপলাইন থাকলেও হরমুজ প্রণালি বন্ধ হলে সব রপ্তানি সম্ভব হবে না। ফলে অনেক তেলবাহী জাহাজ ওই অঞ্চল এড়িয়ে চলবে, যা সরবরাহে চাপ তৈরি করবে। গোল্ডম্যান শ্যাচস এক বিশ্লেষণে জানিয়েছে, যদি হরমুজ প্রণালির মাধ্যমে সরবরাহ অর্ধেকে নেমে আসে এবং তা এক মাস স্থায়ী হয়, তাহলে ব্রেন্ট তেলের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১১০ ডলারে উঠতে পারে। এছাড়া পরবর্তী ১১ মাসে সরবরাহ ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
তবে এই সম্ভাবনা পুরোপুরি বাস্তব নয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তাদের ধারণা, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে না। কারণ এমন সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সক্রিয় উদ্যোগ থাকবে। প্রসঙ্গত, ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রেন্ট তেলের দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ।

