২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে বাস্তবতাবিচ্যুত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাঁদের মতে, বাজেটের মূল প্রতিপাদ্য ‘সমতা ও টেকসই অর্থনীতি’ থাকলেও তা বাস্তবায়নে নেই প্রয়োজনীয় কাঠামো ও পরিকল্পনা।
গতকাল রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট-পরবর্তী সংলাপে এসব মন্তব্য উঠে আসে। সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘গায়েবি মামলার সংস্কৃতি ব্যবসার পরিবেশে চরম অনিশ্চয়তা তৈরি করছে। অথচ বাজেটে এই সংকট উত্তরণের কোনো দিকনির্দেশনা নেই।’ তিনি জানান, সম্প্রতি চট্টগ্রামের এক ব্যক্তি তাকে জানিয়েছেন, হত্যা মামলায় অকারণে তাঁর নাম যুক্ত হয়েছে। ‘এভাবে blanket suspicion আমাদের পুরো সমাজকে গ্রাস করছে,’ বলেন তিনি।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘প্রতিবছরই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে এনবিআর। এর মূল কারণ কাঠামোগত সংস্কারের অভাব।’ তিনি আরও বলেন, ‘বাজেটের আকার তুলনামূলক ছোট হলেও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রবৃদ্ধির হার ৪ শতাংশ থেকে হঠাৎ ৫.৫ শতাংশে উন্নীত হওয়ার ধারণা বাস্তবসম্মত নয়।’ তাঁর মতে, ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবির, মূল্যস্ফীতি উচ্চ এবং জ্বালানি ঘাটতির সমাধানে বাজেটে নেই কার্যকর কৌশল। তিনি বাজেটের মধ্যবর্তী মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘যদিও এটি একটি অন্তর্বর্তী সরকারের বাজেট, তবু এর অসামঞ্জস্য ও ঘাটতিগুলো পর্যালোচনা করে জনসমক্ষে তুলে ধরা জরুরি।’
সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাজেট ঘোষণার পরপরই বিশ্লেষণের পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তাই জনগণের মতামত নীতিনির্ধারকদের কাছে পৌঁছায়নি।’ তাঁর মতে, রাজস্ব আয়ের কাঠামোতে বড় ধরনের বৈষম্য রয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে প্রত্যক্ষ কর বেশি, আমাদের দেশে পরোক্ষ করের ওপরই নির্ভরতা। এটি সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপায়।’ তিনি যোগ করেন, ‘রাজস্ব আয়ের দুই-তৃতীয়াংশ আসে পরোক্ষ কর থেকে, যা মূলত সাধারণ মানুষ দেয়। অথচ বাজেটের দর্শন হওয়া উচিত ছিল পুনর্বণ্টনমূলক—যাদের আয় বেশি, তাদের থেকে কর নিয়ে অবহেলিত জনগোষ্ঠীর জন্য ব্যয় করা।’
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ বাজেটে ব্যাংক খাতের অনিয়মের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কেউ লুট করলে বাংলাদেশ ব্যাংক সেই লুটের টাকা আবার ব্যাংকে দিয়ে দেয়। ব্যাংকগুলো লুট করেছে, আমরা চড়া সুদে সেই চুরির ক্ষতিপূরণ দিচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো ব্যাংকার কিংবা দোষী গ্রাহকের জেল হয়নি। যার যত বেশি টাকা, তার দায় যেন তত কম—এই চিত্র এখন স্পষ্ট।’
বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলেন, ‘রপ্তানি খাতের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা বাজেটে অনুপস্থিত। আমরা এখনো আশির দশকের চিন্তাধারায় আটকে আছি।

