রেমিট্যান্স ডলারের দাম কমতে শুরু করেছে। তারল্য পরিস্থিতির উন্নতি, বকেয়া আমদানি বিল পরিশোধের চাপ কমে আসা এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকায় বাজারে ডলারের চাহিদা কমে গেছে। এর ফলে রেমিট্যান্স ডলারের বিনিময় হারও কমতির দিকে।
বৃহস্পতিবার (২০ জুন) রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে প্রতি ডলারে ১২২.৭০ থেকে ১২২.৮০ টাকা দিতে হয়েছে। অথচ মে মাসের মাঝামাঝি সময়ে এই দর ছিল ১২৩.২০ থেকে ১২৩.৩০ টাকা। অর্থাৎ, এক মাসের ব্যবধানে দাম কমেছে ৫০ থেকে ৭০ পয়সা।
কয়েকটি ব্যাংকের ট্রেজারি কর্মকর্তারা জানিয়েছেন, ১৪ মে কেন্দ্রীয় ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার চালু করলে অনেকে ধারণা করেছিলেন, ডলারের দাম বাড়বে। কিন্তু বড় ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানরা পরস্পরের মধ্যে আলোচনা করে দর সর্বোচ্চ ১২৩ টাকার মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত নেন। ফলে ঘোষণার পরদিন থেকেই ডলারের দর কমতে শুরু করে। রপ্তানি আয় বাড়ছে, কিন্তু আমদানির প্রবৃদ্ধি তেমন নেই। ফলে আন্তঃব্যাংক বাজারে ডলারের চাহিদা কমে গেছে। স্বাভাবিক নিয়মে চাহিদা কমায় দরও কমছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ডলারের বাজার চাহিদা ও সরবরাহের ভিত্তিতে চলা উচিত। বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর অনেকেই ভেবেছিলেন, দর বেড়ে যাবে। কিন্তু এখন ব্যাংকগুলোতে আগের মতো চাহিদা নেই, তাই দামও কমছে।’ তিনি জানান, দেশে বর্তমানে বড় কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না। ফলে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামালসহ বিনিয়োগ-নির্ভর আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি গত কয়েক মাসে ব্যাংকগুলো বেশিরভাগ বকেয়া আমদানি বিল পরিশোধ করে ফেলেছে। অন্যদিকে, রপ্তানি আয় ভালো হচ্ছে। সেই সঙ্গে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচারও কমেছে। ফলে ব্যাংকগুলোতে তারল্য বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মে সময়ে রপ্তানি হয়েছে ৪৪.৯৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৩৬ শতাংশ বেশি। অন্যদিকে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে আমদানি এলসি খোলা হয়েছে ৫৮.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র ২.৯৮ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে ৫৮.৮২ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ৬.০৮ শতাংশ।
রেমিট্যান্স খাতেও ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৯.৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬.৭ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, ঈদের সময় ব্যাংকগুলো প্রায় ২০ দিন বন্ধ না থাকলে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়ত।
বাজারে অস্থিরতা না থাকায় এবং বিনিয়োগ কম হওয়ায় বেসরকারি খাতে ডলারের ঋণ চাহিদাও কমে গেছে। যদিও ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ৪৫৪ মিলিয়ন ডলার বেড়েছে, তারপরও সামগ্রিক চাহিদা স্থির। একটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘নতুন বিনিয়োগের বিষয়ে অনেকেই এখন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। ফলে বিনিয়োগ-সংক্রান্ত আমদানিও বাড়ছে না।’ অন্যদিকে, রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধি ভালো থাকলে ভবিষ্যতে ডলারের সরবরাহ আরও বাড়বে এবং দর আরও কমতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
একটি বিদেশি এক্সচেঞ্জ হাউসের কান্ট্রি হেড জানান, ‘আগে ব্যাংকগুলো আমাদের কাছ থেকে ডলার নিতে ফোন করত। এখন আমরা ডলার দিতে চাইলেও অনেক ব্যাংক নিচ্ছে না। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চাহিদাও অনেক কমে গেছে।’ তিনি বলেন, ‘বর্তমানে প্রতিদিনই ৫ থেকে ১০ সেন্ট করে ডলারের দাম কমছে।’ বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৪ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৭৭ বিলিয়ন ডলার। টানা পাঁচ মাস ধরে রিজার্ভ ২০ বিলিয়নের ওপরে রয়েছে। এটি ডলারের বাজার স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখছে।

