পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তাব নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। এই ইস্যুতে এবার সরাসরি চীনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও জানিয়েছেন, ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তবে সেটি হবে তাদের জন্য “অর্থনৈতিক আত্মহত্যা”।
এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এ পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির দাম ভয়াবহভাবে বেড়ে যেতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, ভারত ও জাপান—এই দেশগুলো এই রুটের ওপর তীব্রভাবে নির্ভরশীল।
ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, “আমি বেইজিংয়ে চীনা সরকারকে আহ্বান জানাবো, তারা যেন ইরানকে এই বিষয়ে ফোন করে। কারণ চীন নিজেই হরমুজ প্রণালীর ওপর অনেক বেশি নির্ভরশীল।”
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ নেওয়ার বাস্তব ক্ষমতা রয়েছে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে, পার্লামেন্টের হাতে নয়।
অন্যদিকে ইরানের নিজস্ব তেল রপ্তানির বড় একটি অংশও এই প্রণালী দিয়ে যায়। তাই এই পথ বন্ধ করা মানে নিজের অর্থনীতির শ্বাসরোধ করার মতো পদক্ষেপ—এক ধরনের বিপজ্জনক আত্মঘাতী প্রতিশোধ।
বিশ্বব্যাপী যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে চলেছে, তখন হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই পদক্ষেপ ভবিষ্যতের জন্য বড় আশঙ্কা তৈরি করছে। বিশ্বজুড়ে নেতারা এখন তাকিয়ে আছেন চীনের দিকে—এই সংকটে তাদের ভূমিকা হতে পারে ইরানকে লাগাম টানার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চাবিকাঠি।

