বহু বিতর্কের পর অবশেষে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিজেরাই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ জন্য আগামী ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ।
গত ১৯ জুন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ চিঠি দেন। বন্দর সূত্র জানায়, বর্তমানে এনসিটি পরিচালনা করছে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির কার্যাদেশের মেয়াদ শেষ হবে আগামী ৬ জুলাই। এরপর কীভাবে টার্মিনাল পরিচালিত হবে তা ঠিক করতে গত ১৮ জুন মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৬ মাসের জন্য টার্মিনাল পরিচালনায় মাসিক খরচ হবে আনুমানিক ৭ কোটি টাকা। ছয় মাসে এ খরচ দাঁড়াবে প্রায় ৪২ কোটি টাকা। খরচের এই হিসাব করা হয়েছে কিউ-গ্যান্ট্রি ক্রেন (QGC), রাবার টায়ার্ড গ্যান্ট্রি (RTG) ক্রেন, আইটি সাপোর্ট এবং অন্যান্য যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খাতে। বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এনসিটির কার্যক্রম সচল রাখা জরুরি। কিন্তু নতুন অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র আহ্বান সময়সাপেক্ষ। তাই জরুরি প্রক্রিয়ায় সরাসরি ক্রয়ের (DPM) অনুমোদন চেয়ে তারা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। এই পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা অনুসারে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, “বর্তমান অপারেটরের মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। এরপর কীভাবে এনসিটির কার্যক্রম চলবে, তা নিয়ে ১৮ জুন মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আপাতত আগামী ৬ মাস বন্দর কর্তৃপক্ষই টার্মিনালটি পরিচালনা করবে।” তিনি আরও বলেন, “এই সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের অপারেটর নিয়োগে ওপেন টেন্ডার আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।”
এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল। এটি বেসরকারি অপারেটরের মাধ্যমে পরিচালিত হলেও বারবার সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এবার তাদের বাদ দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায়।

