২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসে দেশীয় রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ব্র্যান্ডগুলোর বিক্রিতে গড়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। নকশা, টেকসই ফ্যাশন এবং স্থানীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ মিলিয়ে বাজারে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। তবে চিত্রটা এতটা উজ্জ্বল নয়। বেশিরভাগ ব্র্যান্ড টিকে থাকলেও বড় হতে পারছে না। লাভ কম, ঝুঁকি বেশি। ফলে উদ্যোক্তারা রয়েছেন দোটানায়।
গত তিন বছরের প্রবণতাঃ বিক্রির হার বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে ২০২৩ সালে প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১৩ শতাংশে। আর চলতি ২০২৫ সালে একই সময়ে প্রবৃদ্ধি ১৫ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।তবে বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধির এই হার মোটামুটি ৮-১০টি প্রধান ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ। সব ব্র্যান্ড এই সুফল পাচ্ছে না। ঈদ সামনে রেখে রমজানের শেষ সপ্তাহেই সবচেয়ে বেশি বিক্রি হয়। ব্যবসায়ীদের ভাষায়, মূল বেচাকেনা হয় তখনই। শীর্ষ ব্র্যান্ডগুলোর কেউ কেউ গত বছরের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত বিক্রি বাড়িয়েছে।
বাজারে কারা শীর্ষে- আড়ং, সেইলর, লা রিভ, টুয়েলভ, ইয়েলো, সারা লাইফস্টাইল, ক্যাটস আই, এসটাসি, রিচ ম্যান, লুবনান, জেন্টল পার্ক, ক্লাব হাউজ ও ইজি ফ্যাশন দেশের পোশাক খাতে দাপট দেখাচ্ছে। দেশি পোশাকের ক্ষেত্রে রঙ বাংলাদেশ, বিবিয়ানা, যাত্রা, সাদাকালো, নিপুণ, দেশাল ও ক্রে ক্র্যাফট জনপ্রিয় ফ্যাশন হাউজ হিসেবে জায়গা করে নিয়েছে।
রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাশ জানান, রমজানের শুরুতে ভিড় কম থাকলেও শেষের দিকে তা বেড়ে যায়। তবে তার মতে, প্রবৃদ্ধি এখনো সীমিত।
কে কতটা বেড়েছেঃ
-
সেইলর: সারাদেশে ২৩টি আউটলেট। এবার বিক্রি বেড়েছে ৪০ শতাংশ। নতুন দুটি আউটলেট বাদ দিলে প্রকৃত প্রবৃদ্ধি ৩২ শতাংশ।
-
লা রিভ: প্রবৃদ্ধি ১০-১৫ শতাংশ। বড় অর্ডার কিছুটা কমেছে।
-
টুয়েলভ: প্রবৃদ্ধি ৮ শতাংশ।
-
সারা লাইফস্টাইল: ১৫টি আউটলেটের বেশিরভাগেই ভালো সাড়া। সামগ্রিক প্রবৃদ্ধি ১০ শতাংশ, স্থায়ী আউটলেটে ৭ শতাংশ।
-
ইজি ফ্যাশন: বিক্রি কমেছে ১০ শতাংশ। রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব রয়েছে।
বাজারের বাস্তবতাঃ বাজার বিশ্লেষকরা মনে করছেন, মান ও নকশা ধরে রাখতে পেরেছে এমন ব্র্যান্ডগুলো বেশি বিক্রি করেছে। যেসব প্রতিষ্ঠান আগেই আউটলেট সম্প্রসারণ ও ব্র্যান্ডিংয়ে প্রস্তুত ছিল, তারা লাভবান হয়েছে। অন্যদিকে, প্রস্তুতি দুর্বল থাকায় অনেক ব্র্যান্ড শেষ সময়ে মূল্যছাড়ের ওপর নির্ভর করেছে।
ভোক্তার অভিজ্ঞতা: দাম বেশি, মান ভালো চাকরিজীবী মোহাম্মদ কাম্রুল হাসান বলেন, “আমি আরএফটি থেকে ১৪৯০ টাকায় শার্ট কিনেছি, যা আগে ৯৫০ টাকায় পেতাম। দাম বাড়লেও মানে খুশি।” পূর্ব রাজাবাজারের শিক্ষার্থী তাসনুভা জান্নাত বলেন, “টেক্সমার্ট থেকে আগে ৮০০ টাকায় কুর্তি পেতাম, এখন ১২০০ টাকা। তবে ডিজাইন ও সাইজ ভালো হওয়ায় সমস্যা হয়নি।” টেক্সমার্টের প্রতিষ্ঠাতা মো. রাজিব হোসেন জানান, প্রথম চার মাসে তাদের বিক্রি বেড়েছে ২০ শতাংশ। কিন্তু উৎপাদন খরচ বেড়েছে ১৮ শতাংশ। ফলে লাভ আগের মতো থাকছে না। আরএফটি-র অপারেশন ম্যানেজার সজীব রহমান জানান, “অনলাইনে অর্ডার ভালো যাচ্ছে। কিন্তু দোকান ভাড়া, স্টাফ স্যালারি ও ইনভেন্টরির খরচ সামলানো কঠিন হয়ে গেছে।”
দোকানিদের দৃষ্টিভঙ্গি, মতিঝিল এলাকার দোকানি আমিনুল ইসলাম বলেন, ‘‘আগে ‘ডিফাইন’, ‘ফ্যাশনট্র্যাক’, ‘ড্রেসম্যান’ চলতো। এখন ‘রানার’ বা ‘টেক্সমার্ট’ বেশি চলে। নতুন অনেক ব্র্যান্ড আসে, কয়েক মাসেই উঠে যায়।’’ স্থানীয় পোশাক খাতে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শহুরে তরুণ ও মধ্যবিত্তদের ওপর ভিত্তি করে। তবে সুশৃঙ্খল সরবরাহ চেইন, স্কেলআপ সক্ষমতা, ডিজিটাল মার্কেটিং ও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ ছাড়া এই প্রবৃদ্ধি টেকসই হবে না। এখন প্রশ্ন শুধু বিক্রি নয়, এই ব্র্যান্ডগুলো টিকতে পারবে তো? আগামী কয়েক বছরই বলে দেবে, দেশীয় পোশাক খাত বাংলাদেশের ফ্যাশন শিল্পে কী জায়গা নিতে পারবে।

