চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ঘোষণা করলো ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। মোট বাজেট ২১৪৫ কোটি ৪২ লাখ টাকা। সোমবার দুপুর সোয়া ১২টায় নগরের নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এটি তার মেয়র হিসেবে প্রথম বাজেট।
নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেটের পরিমাণ ১২২১ কোটি ৯৬ লাখ টাকা। উল্লেখ্য, ওই অর্থবছরে মোট ১৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। বাজেট বাস্তবায়ন হয়েছে মাত্র ৬১.৬৬ শতাংশ।
বাজেট ঘোষণা বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “২০২১ সালের চসিক নির্বাচনে আপনাদের ভোটে জয়লাভ করলেও তখনকার ফ্যাসিস্ট সরকারের কৌশলে আমাকে পরাজিত দেখানো হয়। ন্যায়বিচারের প্রত্যাশায় আমি আদালতের দ্বারস্থ হই। জুলাই ২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসররা পতিত হলে আদালত থেকে সুবিচার পাই এবং চট্টগ্রাম মহানগরের মেয়র পদে দায়িত্ব পালন শুরু করি। এখন নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম মহানগরকে একটি পরিবেশবান্ধব, ক্লিন-গ্রিন, সুস্থ ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও বাসযোগ্য, নান্দনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় সংকল্প নিয়েছি।”
বাজেট অধিবেশনের সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বাজেট বিবরণী উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

