টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন হাট থেকে প্রতি সপ্তাহে অন্তত অর্ধকোটি টাকার কাঁঠাল যাচ্ছে ঢাকাসহ দেশের নানা প্রান্তে। মিষ্টি স্বাদের ও পুষ্টিগুণে ভরপুর এ ফল শুধু রসনাতৃপ্তিই নয়, শরীরের জন্যও উপকারী বলে মনে করছেন পুষ্টিবিদরা। তারা বলছেন হজমে সহায়তা, পানিশূন্যতা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ওজন নিয়ন্ত্রণে কাঁঠাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সখীপুরের প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠালগাছ দেখা যায়। এসব বাড়ির আঙিনায় জন্মানো গাছ থেকেই প্রতিবছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদিত হয়।
উপজেলার কাঁঠালের প্রধান হাটগুলোর মধ্যে রয়েছে—কুতুবপুর, বড়চওনা, কচুয়া, মহানন্দপুর, নলুয়া, তক্তারচালা ও দেওদীঘি। এর মধ্যে বড়চওনা ইউনিয়নের কুতুবপুর হাটটি সবচেয়ে বড়। বছরজুড়ে এটি কলার হাট হিসেবে পরিচিত হলেও জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে এটি কাঁঠালের হাটে রূপ নেয়। এই হাটেই সপ্তাহে প্রায় ৩০ লাখ টাকার কাঁঠাল কেনাবেচা হয়।
হাটটি মূলত বসে শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার। তবে উপজেলার অন্য হাটগুলোতেও কাঁঠালের বেচাকেনা জমজমাট। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে _নলুয়া হাট: বৃহস্পতিবার, দেওদীঘি হাট: সোমবার, তক্তারচালা হাট: শনিবার, কচুয়া হাট: রবিবার ও বুধবার, বড়চওনা হাট: সোম ও বৃহস্পতিবার, মহানন্দপুর হাট: মঙ্গলবার। এসব হাটেও সপ্তাহে ২০-৩০ লাখ টাকার কাঁঠাল বেচাকেনা হয়। সব মিলিয়ে প্রতি সপ্তাহে সখীপুর থেকে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয় কৃষক ও খুচরা ব্যবসায়ীরা কাঁঠাল সংগ্রহ করে বিভিন্ন হাটে এনে বিক্রি করেন। কুতুবপুর হাটের ব্যবসায়ী মোবারক হোসেন জানান, প্রতি হাটে ১৫ থেকে ২০টি ট্রাকে কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এতে প্রতি হাটেই প্রায় ১৫ লাখ টাকার লেনদেন হয়। তবে লাভের মুখ দেখছেন না কৃষক ও খুচরা বিক্রেতারা। তারা জানান, গাছ থেকে কাঁঠাল নামানো, পরিবহন ও হাটে আনার খরচ মেটানোর পর হাতে তেমন কিছুই থাকে না। ফলে অনেকেই আগ্রহ হারাচ্ছেন কাঁঠাল চাষে। নতুন করে চারা রোপণেও আগ্রহ কমছে।
কাঁঠালের আকারভেদে প্রতিটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৮০ টাকায়। খুচরা বিক্রেতারা গ্রাম থেকে ২০ থেকে ৬০ টাকায় কিনে এনে হাটে পাইকারদের কাছে বিক্রি করছেন। ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা পাইকার রাব্বি আহমেদ জানান, তিনি প্রতি সপ্তাহে সখীপুর থেকে একটি ট্রাক কাঁঠাল (প্রায় দুই হাজার পিস) কিনে নিয়ে যান এবং সপ্তাহজুড়ে বিক্রি করেন। দামের অসঙ্গতি ও লাভ না থাকায় কৃষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, এভাবে চলতে থাকলে কাঁঠাল অস্তিত্ব সংকটে পড়বে।
এ বিষয়ে সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, “কাঁঠাল আমাদের জাতীয় ফল। এর প্রতিটি অংশই খাবার উপযোগী। সখীপুরে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে ভালো লাভ করা সম্ভব। এ নিয়ে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছি।

