Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জীবন চালানোই যেখানে লড়াই, সঞ্চয় কিভাবে সম্ভব?
    অর্থনীতি

    জীবন চালানোই যেখানে লড়াই, সঞ্চয় কিভাবে সম্ভব?

    কাজি হেলালজুন 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজকের বাংলাদেশে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকাটাই যেন এক বড় যুদ্ধ। আয় ও ব্যয়ের মধ্যে মিল নেই, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম, চাকরির নিশ্চয়তা নেই, আর শিক্ষা ও চিকিৎসার খরচ আকাশছোঁয়া। এসব মিলিয়ে মানুষ এখন কেবল দিনটা কাটাতে পারলেই স্বস্তি বোধ করে। এই বাস্তবতায় “সঞ্চয়” শব্দটা যেন অনেকের কাছেই রূপকথার মতো।

    একসময় গ্রামের মানুষ ভবিষ্যতের চিন্তায় চালের পাত্রে বা কাপড়ে মোড়িয়ে ভবিষ্যতের জন্য টাকা রেখে দিত। ওটাই ছিল তাদের নিরাপত্তার আশ্রয়। কিন্তু এখন অনেকের কাছে সঞ্চয়ের কথা ভাবাটাও যেন একধরনের বিলাসিতা। কারণ বর্তমানে দিনই চলে না—ভবিষ্যতের জন্য কী রেখে দেবে?

    বাজারে গেলে এখনই বোঝা যায় টাকার মূল্য কতটা কমে গেছে, আর দৈনন্দিন জীবনযাত্রার খরচ কতটা বেড়ে গেছে। অনেক পরিবারে মাস শেষে হাতে কিছুই থাকে না, বরং ঋণ বেড়ে যায়। আগে যেটাকে বলা হতো ‘অভাব’, সেটাই এখন হয়ে উঠেছে যেন ‘নতুন স্বাভাবিক’।

    তবুও প্রশ্ন থেকেই যায়—সঞ্চয় ছাড়া ভবিষ্যতের নিরাপত্তা আসবে কীভাবে? আর যেহেতু সঞ্চয়ের বাস্তবতা এখন অনেকের নাগালের বাইরে, তাই প্রয়োজন নীতিনির্ধারকদের উদ্যোগ, সচেতনতা এবং এক বাস্তবসম্মত আর্থিক কাঠামো।

    আয় বাড়েনি, খরচ বেড়েছে বহুগুণ: বাংলাদেশের সাধারণ মানুষ আজ এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে জীবন পার করছে। আয় বাড়েনি, অথচ খরচ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনকে করে তুলেছে রীতিমতো দুর্বিষহ। চাল, ডাল, তেল, সবজি, এমনকি দৈনন্দিন ব্যবহার্য পণ্য ও সেবার দাম এক বছরের ব্যবধানে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে, কিন্তু মানুষের আয় সেই হারে বাড়েনি।

    টানা তিন বছর ধরে দেশের মানুষের প্রকৃত আয় কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি। এর অর্থ—যতটুকু আয় বাড়ছে, তার চেয়ে বেশি খরচ বাড়ছে প্রতিনিয়ত। এর ফলে সীমিত আয়ের মানুষের হাতে টাকা থাকছে না, বরং তাদের বাজার থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সামর্থ্যও দিন দিন কমে যাচ্ছে।

    এই বাস্তবতায় দেশের অন্তত দেড় কোটি মানুষ দারিদ্র্যসীমার ঠিক ওপরে থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ উচ্চ মূল্যস্ফীতির চাপ যদি মজুরি বৃদ্ধিকে ছাপিয়ে যায়, তাহলে দারিদ্র্যসীমার ওপরে থাকা এই ১০ শতাংশ জনগোষ্ঠী অতিঝুঁকিতে পড়ে যায়।

    এই সংকট কেবল পরিসংখ্যানের বিষয় নয়, প্রতিটি পরিবারে এর বাস্তব প্রভাব দেখা যাচ্ছে। উদাহরণ স্বরূপ-ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আক্কাস আলী ২০২২ সালে বেতন পেতেন ৪০ হাজার টাকা। সে সময়েও তার পরিবার—স্ত্রী ও এক সন্তানসহ তিনজনের দৈনন্দিন ব্যয় চালাতে তাকে বেশ হিসেব করে চলতে হতো। কিন্তু তখনো সামান্য কিছু সঞ্চয় করতে পারতেন। আর এখন তিন বছর পর তার বেতন বেড়েছে মাত্র ১০ হাজার টাকা, দাঁড়িয়েছে ৫০ হাজারে। কিন্তু এই আয়ে আর সংসার চলে না। কারণ একই সময়ে বাজারের খরচ বেড়েছে গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ। বাসাভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা—সবকিছুতেই বেড়েছে চাপ। সঞ্চয় তো দূরের কথা, মাসের শেষ দিকে ধারকর্জ না করে চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

    এই অবস্থার শিকার শুধু আক্কাস আলী নন। শহর হোক বা গ্রাম—প্রায় প্রতিটি পরিবারেই এখন ব্যয়ের সঙ্গে আয়ের ব্যবধান ব্যাপকভাবে বেড়ে গেছে। শহরের মানুষের আয় তুলনামূলক বেশি হলেও জীবনযাত্রার ব্যয় আরও বেশি হওয়ায় তারা একইভাবে বিপর্যস্ত।

    এই সংকট থেকে উত্তরণ সহজ নয়, তবে অসম্ভবও নয়। প্রয়োজন কার্যকর ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতিমালা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, সুষম বেতন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়। সরকারের দায়িত্ব হবে এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে এবং বাজারের দামের সঙ্গে আয়ের সমন্বয় থাকবে।

    এই মুহূর্তে দেশের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো—মানুষের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে সন্তুষ্ট হলে চলবে না, দেখতে হবে—সেই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাচ্ছে কিনা।

    মধ্যবিত্তের হতাশা, নিম্নবিত্তের হাহাকার: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়েছে দুইটি শ্রেণি—মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। একদিকে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, অন্যদিকে আয় না বাড়ার বাস্তবতা তাদের জীবনযাত্রাকে করেছে দুর্বিষহ। অথচ এই দুই শ্রেণিই দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ। সমাজের ভারসাম্য রক্ষায়, অর্থনীতির চাকা সচল রাখতে এবং দেশের উন্নয়ন ধরে রাখতে এই জনগোষ্ঠীর ভূমিকা অপরিহার্য। কিন্তু তাদের কণ্ঠে এখন শুধুই হতাশা আর হাহাকার।

    মধ্যবিত্ত, যারা এক সময় সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হতো, আজ তারা সবচেয়ে কোণঠাসা। রাষ্ট্রীয় সহায়তা তাদের জন্য নেই, আবার সরাসরি সাহায্য চাইতেও পারেন না সামাজিক মর্যাদার ভয়ে। সন্তানকে স্কুলে পড়ানো, বেতন ও যাতায়াত, ন্যূনতম চিকিৎসা করানো কিংবা মাসের বাজার শেষ করাই হয়ে উঠেছে একেকটা লড়াই। এদের অনেকে নিঃশব্দে বিক্রি করে দিচ্ছেন স্বর্ণালংকার, শেষ সম্বল কিংবা ধারদেনার ফাঁদে পা দিচ্ছেন শুধু টিকে থাকার আশায়। মুখে হাসি ধরে রাখলেও ভেতরে চাপা যন্ত্রণায় জর্জরিত এই শ্রেণির মানুষ প্রতিদিন নিজের আত্মমর্যাদার সঙ্গে লড়ছেন।

    অন্যদিকে নিম্নবিত্ত মানুষের গল্পটা আরও করুণ। নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোই যেখানে অসম্ভব, সেখানে সঞ্চয় বা ভবিষ্যতের পরিকল্পনার সুযোগ নেই। খাদ্য, বাসস্থান, চিকিৎসা—সবই এখন তাদের কাছে বিলাসিতার মতো। বহু মানুষ প্রতিদিন ধার করে, কিস্তিতে জিনিস কিনে কিংবা এনজিও থেকে ঋণ নিয়ে বেঁচে আছেন। শহরের ভাঙা বস্তি হোক বা গ্রামের কুঁড়েঘর—সর্বত্রই অভাব আর অনিশ্চয়তার ছায়া। যে পরিবার এক সময় দু’বেলা পেটভরে খেতে পারত, আজ সেই পরিবার হয়তো একবেলা খেয়ে আরেক বেলা উপোস করে। কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা চাকরি হারানো মানেই তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালেও দেশের প্রকৃত মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে বাস্তব আয় কমে গিয়ে সাধারণ মানুষ বাজার থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা ক্রয়ে ব্যর্থ হচ্ছে। দেড় কোটির বেশি মানুষ এখন দারিদ্র্যসীমার ওপরে থাকলেও যেকোনো মুহূর্তে নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

    এই প্রেক্ষাপটে রাষ্ট্রের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে হবে, খাদ্য সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে এবং মধ্যবিত্ত শ্রেণির জন্য নীতি সহায়তা গড়ে তুলতে হবে। একইসঙ্গে কর্মসংস্থানের সুযোগ ও আয় বৃদ্ধির পথ তৈরি না করলে এই দুই শ্রেণির আর্থসামাজিক অবস্থা আরও খারাপের দিকে যাবে।

    বাংলাদেশের উন্নয়নের গল্প তখনই অর্থবহ হবে, যখন সমাজের এই বৃহৎ জনগোষ্ঠী একটি স্থিতিশীল ও সম্মানজনক জীবনযাপন করতে পারবে। না হলে এই নিঃশব্দ হতাশা ও হাহাকার এক সময় গর্জে উঠতে পারে—যার প্রতিধ্বনি কেবল অর্থনীতিতে নয়, সমাজ ও রাষ্ট্রে বড় রকমের অভিঘাত আনতে পারে।

    সঞ্চয়ের হার কেন কমছে? বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় “সঞ্চয়” এখন অনেকের কাছেই বিলাসিতা। দেশের একটি বড় জনগোষ্ঠী এখন মাসের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে। ফলে ভবিষ্যতের কথা ভেবে কিছু জমিয়ে রাখা তাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না।

    বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের রিপোর্ট অনুযায়ী, দেশে ব্যক্তিখাতের সঞ্চয়ের হার নেমে এসেছে মোট জিডিপির মাত্র ১৮ দশমিক ৭ শতাংশে—যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য বলছে, ২০২৩–২৪ অর্থবছরে মোট দেশজ সঞ্চয় (Gross Domestic Saving) জিডিপির ২৩ দশমিক ৯৬ শতাংশ, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। এই সংকেত স্পষ্ট—মানুষ এখন ভবিষ্যতের সঞ্চয়ের চেয়ে বর্তমানের প্রয়োজন মেটাতেই বেশি ব্যস্ত।

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয় না বাড়া, কর্মসংস্থানের সীমাবদ্ধতা—এসব মিলিয়ে মানুষের হাতে অবশিষ্ট তেমন কিছুই থাকছে না। অনেকেই ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) সুবিধা নিচ্ছেন ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে—বেশিরভাগ অ্যাকাউন্টেই নিয়মিত জমা নেই। কেউ কেউ সামান্য অঙ্ক জমা দিচ্ছেন, যা বড় কোনো প্রয়োজনে কাজে লাগানোর মতো নয়।

    অন্যদিকে ব্যাংকে সুদের হার কমে যাওয়ায় সঞ্চয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই। আগে যেখানে মানুষ ভবিষ্যতের নিরাপত্তা ভাবনায় ব্যাংকে টাকা রাখতেন, এখন সেই আগ্রহ অনেকটাই কমে গেছে। একইভাবে সঞ্চয়পত্রে বারবার বিধিনিষেধ আরোপ এবং আয়কর কেটে নেওয়ার নিয়ম অনেকের কাছে নিরুৎসাহজনক। ফলে আগের মতো অনেকে আর সঞ্চয়পত্রে টাকা রাখতে আগ্রহী নন।

    এর বাইরে রয়েছে বড় কিছু কাঠামোগত সমস্যা—যেমন: বিনিয়োগ না হওয়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, ফলে বহু মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। ডলার সংকট ও বৈদেশিক বাণিজ্যের অনিশ্চয়তাও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে, যার অভিঘাত পড়ছে ব্যক্তি পর্যায়ের সঞ্চয়ে।

    এই পরিস্থিতি শুধু ব্যক্তি নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও একটি হুঁশিয়ারি সংকেত। কারণ সঞ্চয়ই মূলধন গঠনের ভিত্তি, যা ভবিষ্যৎ বিনিয়োগ, উৎপাদন ও প্রবৃদ্ধির চালিকাশক্তি। যদি মানুষ সঞ্চয় করতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদে অর্থনীতির ভীত দুর্বল হয়ে পড়তে পারে।

    তাই এখনই প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আয়ের সুযোগ বাড়ানো, ব্যাংকে আকর্ষণীয় সুদহার নিশ্চিত করা এবং সঞ্চয়পত্র ব্যবস্থায় স্বচ্ছতা ও সহনশীল নিয়ম চালুর মাধ্যমে জনগণকে আবারও সঞ্চয়ের দিকে উৎসাহিত করা জরুরি। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটি আর বিলাসিতা নয়—বরং একান্ত প্রয়োজন।

    অর্থনৈতিক চাপ মানসিক স্বাস্থ্যের ওপর যে ছায়া ফেলছে:
    বর্তমান সময়ে শুধু পেট চালানোই নয়, মাথা ঠান্ডা রাখা আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আয় না বাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় সামাল দেওয়ার মতো চাপ মানুষের মানসিক শান্তিও কেড়ে নিচ্ছে। টিকে থাকার এই লড়াই মানুষকে আর্থিকভাবে যেমন বিপর্যস্ত করছে, তেমনি মানসিকভাবেও করছে বিধ্বস্ত।

    অনেকেই সন্তানদের ভবিষ্যৎ, বার্ধক্যে নিরাপত্তা কিংবা হঠাৎ বড় কোনো বিপদের কথা ভেবে চিন্তিত থাকেন। কিন্তু যেহেতু মাস শেষে হাতে তেমন কিছু থাকে না, তাই সঞ্চয় করাও হয়ে উঠছে অসম্ভব। এই অনিশ্চয়তা ও চাপ থেকেই তৈরি হচ্ছে নানা ধরনের মানসিক সমস্যা।

    বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি ও গভীর প্রভাব ফেলে। যারা দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন, তাদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা, হতাশা, ঘুমের সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতার প্রবণতা বাড়ছে। অনেক সময় দাম্পত্য কলহ বা পরিবারের ভেতর উত্তেজনার মূলে থাকে অর্থনৈতিক টানাপোড়েন। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে চরম আর্থিক সংকট থেকে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।

    অন্যদিকে মানসিক স্বাস্থ্য খারাপ হলে তার প্রভাব আবার অর্থনীতিতেও পড়ে। মানসিক অসুস্থতার কারণে কাজের সামর্থ্য কমে যায়, অনেকেই চাকরি ধরে রাখতে পারেন না। কর্মদক্ষতা হ্রাস পায়, ব্যবসায় লোকসান হয়, এমনকি চিকিৎসা ব্যয়ে বাড়তি খরচও যুক্ত হয়। এতে করে আয় যেমন কমে, তেমনি ব্যয়ও বেড়ে যায়। এই দুইয়ের দুষ্টচক্রে পড়ে মানুষ ক্রমশঃ দুর্বল হয়ে পড়ে—অর্থনৈতিকভাবেও এবং মানসিকভাবেও।

    এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দেখা এখন সময়ের দাবি। সরকারের পাশাপাশি পরিবার ও সমাজকেও এই বিষয়ে সচেতন হতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নিতে হবে এবং অর্থনৈতিক নীতিগুলো গঠনের সময় মানুষের মানসিক স্থিতির দিকটিও বিবেচনায় আনতে হবে। টিকে থাকার লড়াইটা যেন শুধুই ‘বেঁচে থাকা’র মধ্যে সীমাবদ্ধ না থাকে—সেখানে যেন থাকে সুস্থভাবে বাঁচার সুযোগও।

    সংকট থেকে উত্তরণের পথ: বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মানুষ ক্রমেই সঞ্চয়হীন, অনিশ্চয়তায় পরিপূর্ণ জীবনের মুখোমুখি হচ্ছে। তবে বাস্তব ও সময়োপযোগী কিছু উদ্যোগ নিলে এই সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব। প্রয়োজন রাষ্ট্রীয় দায়িত্বশীলতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা এবং যৌথ সামাজিক প্রয়াস।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে হবে। বাজারে সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা, টিসিবির মাধ্যমে কম দামে পণ্য সরবরাহ বাড়ানো এবং কৃষি উৎপাদনে প্রণোদনা দিয়ে সরবরাহ বৃদ্ধি করতে হবে।

    নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করা দরকার। খাদ্য, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর জন্য সরাসরি ভর্তুকি এবং সহায়তা পৌঁছে দিতে হবে প্রকৃত উপকারভোগীদের হাতে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো এখন সময়ের দাবি।

    এছাড়া নতুন আয়ের উৎস তৈরিতে গুরুত্ব দিতে হবে। তরুণদের দক্ষতা প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিংয়ের সুযোগ, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা ও নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি মানুষের উপার্জনের সুযোগও প্রসারিত হবে।

    একইসঙ্গে দরকার আর্থিক সচেতনতা বৃদ্ধি। স্কুল-কলেজ, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে আয়-ব্যয়ের হিসাব, বাজেট তৈরি এবং ছোট অঙ্কে হলেও নিয়মিত সঞ্চয়ের গুরুত্ব বোঝাতে হবে।

    পরিশেষে মাইক্রো সঞ্চয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে দৈনিক ২০–৫০ টাকা সঞ্চয়ের ব্যবস্থা চালু করলে অনেকেই ছোট পরিসরে হলেও ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে। এতে ব্যাংকিং সেবার আওতাও বাড়বে। এই সংকট দীর্ঘমেয়াদি হলেও একে কাটিয়ে ওঠা সম্ভব—যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ, নীতিনির্ধারণ এবং বাস্তবায়নের মধ্যে সমন্বয় থাকে।

    যখন জীবনধারণই এক কঠিন লড়াইয়ে পরিণত হয়, তখন ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখা যেন বিলাসিতা। মানুষের আয় যেখানে ন্যূনতম চাহিদা পূরণেই হিমশিম খায়, সেখানে সঞ্চয়ের কথা কেবল কল্পনাতেই থাকে। বাস্তবতা হলো—দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আয়বর্ধনের সীমিত সুযোগ, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তার অভাব আজ কোটি মানুষের ঘরে ঘরে উদ্বেগ আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    তবে এই চক্র থেকে বেরিয়ে আসা অসম্ভব নয়। দরকার একটি সুপরিকল্পিত, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি—যা শুধু সংখ্যার ভাষায় নয়, মানুষের জীবনের বাস্তবতায় ভিত্তি করে রচিত হবে। আয় ও ব্যয়ের ভারসাম্য ফিরিয়ে আনা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, আস্থাশীল ব্যাংকিং ব্যবস্থা তৈরি এবং মানুষের ভেতরে আর্থিক সচেতনতা গড়ে তোলা—এই চেষ্টাগুলিই মানুষকে আবার সঞ্চয়ের সাহস দেবে। কারণ সঞ্চয় কেবল অর্থ রাখার ব্যাপার নয়, এটি ভবিষ্যতের জন্য আশার একটি বীজ। সেই বীজ বপনের উপযোগী পরিবেশ তৈরি করাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দায়িত্ব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.