বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই চীনে প্রথমবারের মতো বড় আকারের বিদ্যুৎ সঞ্চয় কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে টেসলা, সাংহাইয়ের স্থানীয় সরকার এবং ‘চায়না কাঙ্গফু ইন্টারন্যাশনাল লিজিং’ প্রতিষ্ঠানের মধ্যে। প্রকল্পটির মোট মূল্য ৪০০ কোটি ইউয়ান বা প্রায় ৫৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চুক্তির ফলে চীনে এটিই হবে টেসলার সবচেয়ে বড় ব্যাটারিনির্ভর শক্তি সঞ্চয় কেন্দ্র।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে টেসলা জানায়, সাংহাইয়ে তাদের ব্যাটারি কারখানায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১০০টির বেশি ‘মেগাপ্যাক’ উৎপাদন করা হয়েছে। এগুলো মূলত বড় আকারের বিদ্যুৎ গ্রিড ব্যবস্থার জন্য তৈরি। একটি মেগাপ্যাক চার ঘণ্টা পর্যন্ত এক মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সক্ষম। টেসলার ভাষ্য, “গ্রিডসাইড এই শক্তি সঞ্চয় কেন্দ্র হবে শহরের বিদ্যুৎ সরবরাহের ‘স্মার্ট নিয়ন্ত্রক’। এটি সহজেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য বজায় রাখতে পারবে।”
এ প্রকল্প চালু হলে এটি চীনের সবচেয়ে বড় গ্রিড-সংযুক্ত ব্যাটারি শক্তি সঞ্চয় কেন্দ্র হবে বলে আশা করছে টেসলা। কোম্পানিটি আরও বলছে, এটি শহরের বিদ্যুৎ চাহিদা নিরাপদ, স্থিতিশীল ও কার্যকরভাবে পূরণে সাহায্য করবে। টেসলার ওয়েবসাইট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একটি মেগাপ্যাকের দাম প্রায় ১০ লাখ ডলারের কাছাকাছি। তবে চীনের জন্য নির্দিষ্ট মূল্য এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
প্রকল্পটির গুরুত্ব নিয়ে সিএনবিসি বলেছে, সৌর ও বায়ুর মতো অনিয়মিত উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে চাহিদা ও সরবরাহে ভারসাম্য বজায় রাখতে বড় ব্যাটারির প্রয়োজনীয়তা বাড়ছে। এ কারণে শক্তি সঞ্চয় কেন্দ্রের গুরুত্ব এখন বিশ্বব্যাপী বাড়ছে। এ চুক্তি টেসলার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ চীনের দুই প্রযুক্তি জায়ান্ট ‘সিএটিএল’ এবং গাড়ি নির্মাতা বিওয়াইডি একই ধরনের ব্যাটারি উৎপাদন করে এবং এই খাতে টেসলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। ‘সিএটিএল’ ইতোমধ্যে বিশ্বব্যাপী ব্যাটারি বাজারের প্রায় ৪০ শতাংশ দখলে রেখেছে। ‘সিএটিএল’ আশা করছে, টেসলার মেগাপ্যাকের জন্য ব্যাটারি সেল ও প্যাক সরবরাহ করবে তারাই।
এদিকে চুক্তির সময়সূচি কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়েছে। এমন সময়ে চীনের সঙ্গে টেসলার এই বড় চুক্তি এক নতুন বার্তা বহন করছে। উল্লেখ্য, বাণিজ্য যুদ্ধের শুরুর দিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন ইলন মাস্ক। সে সময় টেসলার ব্যবসায়িক অবস্থান নিয়ে চীনেও নানা বিতর্ক তৈরি হয়।
তবে চীনে বড় ব্যাটারি প্রকল্পের চাহিদা দীর্ঘদিন ধরেই বাড়ছে। গত বছরের মে মাসে বেইজিং ঘোষণা দেয়, ২০২৫ সালের মধ্যে ৫ গিগাওয়াট নতুন ব্যাটারি সঞ্চয় ক্ষমতা যোগ করা হবে। এতে দেশের মোট বিদ্যুৎ সঞ্চয় সক্ষমতা দাঁড়াবে ৪০ গিগাওয়াটে। সাংহাই কারখানা থেকে তৈরি মেগাপ্যাকগুলো ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করে বৈশ্বিক চাহিদা পূরণে কাজ করছে টেসলা।
আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)-এর তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ব্যাটারি সঞ্চয় ব্যবস্থার সক্ষমতা ৪২ গিগাওয়াট বেড়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

