বাংলাদেশের একজন নাগরিক হাত ধোয়ার জন্য বছরে গড়ে ৯৮১ টাকা খরচ করেন। এর মধ্যে শহরবাসীর গড় ব্যয় ১,৩১১ টাকা, আর গ্রামে এ খরচ ৮৩১ টাকা। পানি ব্যবহারের চিত্রেও পার্থক্য রয়েছে। শহরের একজন নাগরিক বছরে হাত ধোয়ায় গড়ে ৩০,৬৮৩ লিটার পানি ব্যবহার করেন, যেখানে গ্রামে ব্যবহৃত হয় ৩১,১৮৪ লিটার। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন মানুষ প্রতি বছর হাত ধোয়ার জন্য গড়ে ৩১ হাজার ৩২ লিটার পানি ব্যবহার করেন। এতে ব্যয় হয় প্রায় ৯৮১ টাকা। বাংলাদেশে প্রথমবারের মতো ‘হাউজহোল্ড বেজড এনভায়রনমেন্টাল সার্ভে (এইচবিইএস) ২০২৪’ পরিচালিত হয়েছে। এতে দেখা যায়, একজন ব্যক্তি প্রতি বছর গড়ে ৯৮১ টাকার সমপরিমাণ পানি ব্যবহার করেন হাত ধোয়ার কাজে। গ্রাম এলাকায় এই ব্যয় ৮৩১ টাকা এবং শহরে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩১১ টাকায়। গ্রামে একজনের হাত ধোয়ার পানি ব্যবহার গড়ে ৩১ হাজার ১৮৪ লিটার, শহরে ৩০ হাজার ৬৮৩ লিটার।
রোববার ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত ‘স্ট্রেংদেনিং এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার স্ট্যাটিস্টিকস’ শীর্ষক সেমিনারে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দেশের কৃষিজমির পরিমাণ ১.৯৮ শতাংশ কমেছে। ২০১৫ সালে কৃষিজমির পরিমাণ ছিল ৭৪,৩৮৬ বর্গকিলোমিটার। ২০২৩ সালে তা নেমে এসেছে ৭২,৯১৬ বর্গকিলোমিটারে। এই হ্রাসের মূল কারণ হিসেবে শহরায়ণ ও শিল্পায়নের চাপকে দায়ী করা হয়েছে।
বিশেষ অতিথি ড. এ কে এনামুল হক বলেন, ‘আমরাই আমাদের সম্পদ ধ্বংস করছি। কৃষি জমিতে এখন জিঙ্ক নেই, যার ফলে অনেক প্রতিবন্ধী শিশু জন্ম নিচ্ছে। আগে হাওরে প্রচুর খালি জমি ছিল, এখন নেই। পশুপাখিও কমে গেছে। আগে যেসব স্থানে জঙ্গল ছিল, সেগুলো এখন হারিয়ে গেছে। নগরায়ন দ্রুতগতিতে বাড়ছে, যার ফলে পরিবেশ সংকট বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন আমরা গড়ে ৭২ লিটার পানি অপচয় করি। সচেতন না হলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।’

