নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম মণপ্রতি প্রায় ২০০ টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বোতলজাত ও খোলা তেলের লিটারপ্রতি দামও। বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খোলা সয়াবিন তেল মিল থেকে বিক্রি হচ্ছে মণপ্রতি ৬ হাজার ৪০০ টাকায়। অথচ এক সপ্তাহ আগে এই দাম ছিল ৬ হাজার ২২০ থেকে ৬ হাজার ২৫০ টাকার মধ্যে। অর্থাৎ, সাত দিনের ব্যবধানে প্রতি মণে দাম বেড়েছে ১৫০ থেকে ১৮০ টাকা।
বোতলজাত কনটেইনার সয়াবিন তেলও বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৫ টাকা বেশি দরে। খুচরা বাজারে সাধারণ মানের খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৫৭ টাকায়, যা আগে ছিল ১৫৬ টাকা। সুপার কোয়ালিটির সয়াবিন তেল মিলছে ১৪৭ টাকায়, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ১৪৫ টাকা।
এছাড়া পাম অয়েলের দামও লিটারপ্রতি ২ টাকা বেড়ে ১৪৫ টাকা হয়েছে। ভোজ্যতেল ব্যবসায়ী দিলীপ কুমার সাহা বলেন, ‘গত সপ্তাহে যে দামে তেল বিক্রি করেছি, এখন মিল থেকেই তার চেয়ে প্রায় ২০০ টাকা বেশি দামে নিতে হচ্ছে।’ বাজারসংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম না বাড়লেও দেশীয় কোম্পানিগুলো ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করেছে। তারা মিল থেকে ডিলিভারি অর্ডার (ডিও) সরবরাহ করছে বাড়তি দামে।
আবদুল আওয়াল নামে এক ব্যবসায়ী জানান, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি। তা সত্ত্বেও দেশীয় কোম্পানিগুলো পরিবহন ব্যয় বৃদ্ধির কথা বলে দাম বাড়িয়ে দিচ্ছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, ‘নতুন এলসির তেল এখনো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। এই সুযোগে মিল মালিকরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে।

