বিশ্ববাজারে চলতি বছর শুরু থেকে স্বর্ণের দাম রেকর্ড হারে বেড়েছে। প্রতি ট্রয় আউন্স (৩১.১ গ্রাম) স্বর্ণের দাম এখন ৩ হাজার ৪০০ ডলারের বেশি। ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই খাতে বিনিয়োগ করা হয়ে উঠেছে ব্যয়বহুল।
এই চ্যালেঞ্জের সমাধানে সিঙ্গাপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফ্র্যাকশনাল ইনভেস্টমেন্ট’ পদ্ধতি। এ পদ্ধতিতে স্বর্ণকে ছোট ছোট ভাগে ভাগ করে বিক্রি করা হয়। এতে মাত্র দশমিক ১ গ্রাম স্বর্ণে বিনিয়োগ সম্ভব হচ্ছে মাত্র ১০ ডলার ৯০ সেন্ট খরচে। ফলে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বীমা কোম্পানিগুলোর মধ্যেও স্বর্ণে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান ফিলিপ নোভার সিনিয়র মার্কেট বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান, “শুধু মুদ্রাস্ফীতি নয়, সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও স্বর্ণ একটি প্রতিরক্ষামূলক বিনিয়োগ খাত হিসেবে কাজ করে।”
বর্তমানে অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে দশমিক ১ গ্রাম পরিমাণ স্বর্ণও কেনা যাচ্ছে। এতে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ)-এর মাধ্যমেও বিনিয়োগ সম্ভব হচ্ছে। যদিও এতে বিনিয়োগকারীরা স্বর্ণের প্রকৃত মালিক না হয়ে শেয়ারের মাধ্যমে বাজারদরে অংশীদার হন।
ওসিবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভাসু মেনন জানান, “ইটিএফের শেয়ার সহজে লেনদেনযোগ্য এবং বাজার খোলার দিনগুলোতে তা তাৎক্ষণিকভাবে কেনাবেচা করা যায়।” এই ব্যাংকের গ্রাহকরা তাদের মোবাইল অ্যাপ ব্যবহার করে মাত্র দশমিক ৩১ গ্রাম স্বর্ণ কিনতে ও বিক্রি করতে পারেন। লেনদেন করা যায় সিঙ্গাপুর ডলার কিংবা অন্যান্য বিদেশি মুদ্রায়। এ প্রক্রিয়ায় কোনো আলাদা চার্জ বা কাস্টডি ফি নেই।

