নারী ও প্রান্তিক উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে সহায়তা দিতে বাজেটে ঘোষিত এক হাজার কোটি টাকার ঋণ তহবিল দ্রুত বিতরণের আহ্বান জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।
সোমবার (২৩ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫–২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ১০ হাজার উদ্যোক্তাকে ঋণ দিতে এক হাজার কোটি টাকার তহবিলের ঘোষণা দিয়েছেন। এই অর্থ ফাউন্ডেশনের নিজস্ব ঋণ বিতরণ ব্যবস্থার মাধ্যমে কার্যকরভাবে বিতরণ সম্ভব বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটে ঘোষিত বেশ কয়েকটি কর্মসূচি ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশনের কর্মপরিকল্পনায় রয়েছে। এর মধ্যে রয়েছে—
-
আগামী তিন বছরে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি
-
২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া
-
বিভাগীয় শহরে এসএমই ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন
-
জেলা শহরে আঞ্চলিক পণ্য মেলা আয়োজন
-
সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ গঠন
এসএমই ফাউন্ডেশন আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়নে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ থাকবে। পাশাপাশি ‘এসএমই নীতিমালা ২০২৫’ বাস্তবায়নের জন্যও আলাদা বরাদ্দ চেয়েছে তারজ ফাউন্ডেশন জানায়, করোনাকালে ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য সরকারের দেওয়া ৩০০ কোটি টাকার তহবিল নির্ধারিত সময় ও শর্ত অনুযায়ী সফলভাবে বিতরণ করা হয়েছে। বর্তমানে সেই অর্থ থেকে গঠিত রিভলভিং ফান্ডের মাধ্যমে তৃতীয় দফার ঋণ বিতরণ কার্যক্রম চলছে।বাজেট বক্তৃতায় এসএমই খাতের উন্নয়নে ক্রেডিট হোলসেলিংয়ের আওতায় স্বল্পসুদের ঋণ বিতরণ, ক্লাস্টার ম্যাপ হালনাগাদ, ইনকিউবেশন সেন্টারে সেবা প্রদান ও পণ্য মেলা আয়োজনসহ বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করায় কৃতজ্ঞতা জানিয়েছে ফাউন্ডেশন।
তারা জানায়, প্রস্তাবিত বাজেটে সিএমএসএমই খাতের অগ্রগতি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থায় পাঠানো ১৪০টি সুপারিশের মধ্যে ৪১টি প্রস্তাব গ্রহণ করায় ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ভারসাম্যের মাধ্যমে এসএমই খাতের টেকসই উন্নয়নে ফাউন্ডেশন কাজ করছে। এর লক্ষ্য জাতীয় শিল্পনীতি ২০২২, এসএমই নীতিমালা ২০১৯ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়ন। ২০০৭ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই নারী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সালের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৭৮ লাখের বেশি সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের ৯৯ শতাংশ। শিল্প খাতের কর্মসংস্থানের ৮৫ শতাংশ আসে এই খাত থেকে। বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ এই খাতে কাজ করছেন।

