আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে একসঙ্গে দুই কিস্তিতে ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। সোমবার (২৩ জুন) সংস্থাটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চতুর্থ রিভিউয়ের ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ শেষ হওয়ার পর ১২ মে অনুষ্ঠিত বৈঠকে একসঙ্গে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়। তাতে নির্ধারিত হয় ১ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার একত্রে দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ তিন কিস্তিতে ২ দশমিক ৩১ বিলিয়ন ডলার পেয়েছিল। মে মাসের সমঝোতার পর আইএমএফ জানায়, ২৩ জুন এই দুই কিস্তির অর্থ ছাড় করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি, আইএমএফ চুক্তি অনুযায়ী ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। বৈঠকটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়।” তিনি জানান, বৈঠক শেষে কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে ই-মেইলেও জানানো হবে।
তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “আইএমএফ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পেতে কিছুটা সময় লাগে। আশা করছি আগামীকাল বিস্তারিত জানা যাবে। এই অর্থ রিজার্ভে যোগ হবে এবং দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়বে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সোমবার দেশের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী এই পরিমাণ দাঁড়ায় ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আইএমএফের ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার যোগ হলে রিজার্ভ বেড়ে দাঁড়াবে প্রায় ২৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
এদিকে আইএমএফের সঙ্গে সমঝোতা অনুযায়ী জুন মাসে নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার। তবে সরকার তা অর্জন কঠিন বলে বিবেচনায় নিয়ে ১২ মে তা ১৮ বিলিয়নের নিচে রাখার প্রস্তাব দেয়, যা আইএমএফ গ্রহণ করে। বর্তমানে এনআইআর অনুযায়ী রিজার্ভ রয়েছে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। নতুন ঋণের অর্থ যোগ হলে তা বেড়ে দাঁড়াবে ১৮ দশমিক ৮০ বিলিয়ন ডলারের মতো। সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি রিভাইজড লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে।

