চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ মুহূর্তে এসে বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেনি। বরং সংকট আরও গভীর হয়েছে। রাজস্ব আদায়ে ঘাটতি লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তাছাড়া সরকার ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে।
বিদেশি ঋণের বোঝাও বেড়েছে। এসব ঋণ পরিশোধ সামগ্রিক অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো গেছে। এর পেছনে একটি কারণ হলো মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া। এ অবস্থায় দেশি-বিদেশি বিনিয়োগও কমেছে। তার প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশের নিচে নেমে আসবে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ সহ কয়েকটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে যদি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তা বাংলাদেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।
অন্তর্বর্তী সরকারও আগামী বছরের জন্য কয়েকটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এসব চ্যালেঞ্জকে নতুন বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব হলো — অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি, রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি, আর্থসামাজিক নিরাপত্তা, রাজস্ব আয় বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, এলডিসি থেকে উত্তরণ প্রস্তুতি এবং শিল্প উৎপাদন সক্ষমতা বৃদ্ধি।
সরকার ২০২৫-২৬ অর্থবছর শুরু করতে যাচ্ছে সংকটময় অবস্থায়। সামনে আরও সংকটের মুখোমুখি হওয়ার শঙ্কাও আছে। অর্থনৈতিক মন্দার কারণে রাজস্ব আদায়ে ঘাটতি বেড়েছে। ফলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের জন্য কয়েকটি সুপারিশ দিয়েছে। তার মধ্যে রয়েছে — রাজস্ব আদায় ব্যবস্থায় সংস্কার, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর করা, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া।
যদি এসব দ্রুত বাস্তবায়িত হয়, অর্থনীতি আবার শক্তি ফিরে পাবে বলে বিশ্বব্যাংক মনে করছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কিছু উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। যেমন, রাজস্ব আদায় বৃদ্ধি ও খাত সংস্কার এবং সামাজিক সুরক্ষা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি। তবে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে এখনো কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষে। বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণ পরিশোধের চাপসহ নানা কারণ এই সংকটের মূল। বাংলাদেশ এগুলো মোকাবিলা করছে, কিন্তু জনজীবনে পড়া আঘাত এখনো কাটেনি।
অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, মূল্যস্ফীতির চাপ আগামী দুই-তিন মাসের মধ্যে কমতে শুরু করবে। জুনের মধ্যে এটি সাড়ে ৬ শতাংশে নেমে আসবে। রাজস্ব খাতেও অগ্রগতি হবে বলে আশা করেন তিনি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। কিন্তু ইউরোপ ও উত্তর আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণে ক্রেতাদের চাহিদা কমেছে। ফলে ওই দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে। এর কারণে আয়ও কমে যাবে বলে আশঙ্কা রয়েছে।
এছাড়া, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি খাতের সামনে আরও চ্যালেঞ্জ আসবে। তাই বিশ্বব্যাংক এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।

