যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। এই খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে।
ব্রেন্ট ক্রুডের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ ডলারের কাছাকাছি নেমে এসেছে। সোমবারের ট্রেডিং সেশনে এটি ৭ শতাংশ কমেছিল। নতুন দামের এই অবস্থান ১২ জুনের চেয়েও নিচে, যেদিন ইসরায়েল প্রথমবার ইরানে হামলা চালিয়েছিল।
তেলের দামের এই পতনের পেছনে প্রধান কারণ— যুদ্ধবিরতি। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ও ইসরায়েল পুরোপুরি ও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, “এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু তা হয়নি, আর কখনো হবেও না।”
এই যুদ্ধবিরতি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন, ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন, ঈশ্বর মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করুন। ঈশ্বর যুক্তরাষ্ট্র ও বিশ্বকে আশীর্বাদ করুন।”

