গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দশ মাস পেরিয়ে গেলেও রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। এ অনিশ্চয়তার প্রভাব পড়েছে অর্থনীতির বিভিন্ন খাতে। বিশেষ করে রিকন্ডিশনড গাড়ির বাজারে দেখা দিয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দা। রাজধানীর তেজগাঁও, মনিপুরপাড়া ও মিরপুর এলাকার বেশ কয়েকটি গাড়ির শোরুম ঘুরে দেখা গেছে, আগের মতো ক্রেতাদের উপস্থিতি নেই। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনাকালেও এমন দুরবস্থা দেখা যায়নি।
আগে যেখানে ৩০ থেকে ৪০ লাখ টাকার গাড়ির চাহিদা ছিল, এখন ক্রেতারা খুঁজছেন চার থেকে পাঁচ লাখ টাকার গাড়ি। আগে মাসে গড়ে পাঁচ থেকে সাতটি গাড়ি বিক্রি হতো, এখন তা কমে নেমে এসেছে তিন থেকে চারটিতে। ব্যবসায়ীদের মতে, গাড়ির বাজার কেবল মানুষের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে না—এর সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতিরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি ও অর্থপাচার রোধে কিছু উদ্যোগ নেওয়া হলেও আইনশৃঙ্খলার অবনতিই রয়ে গেছে বড় চ্যালেঞ্জ হিসেবে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় অপরাধ বেড়েছে বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী মাঠে থাকলেও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করছে। এই অনিশ্চয়তা গাড়ি কেনাবেচায় সরাসরি প্রভাব ফেলছে।
মনিপুরপাড়া সড়কের শোরুম ‘কার কালেকশন’-এর ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, ‘গাড়ির বাজার চরম মন্দায় রয়েছে। আগে যেখানে ১০টি গাড়ি বিক্রি হতো, এখন হয় চারটি। দামও তুলনামূলকভাবে অনেক কম। প্যারাডো বা রোভার ধরনের দামি গাড়ির ক্রেতা নেই বললেই চলে।’ তিনি জানান, অনেক সম্ভাব্য ক্রেতাই এখন দেশের বাইরে। ‘যারা আগে নিয়মিত গাড়ি কিনতেন, তাদের অনেকেই বিদেশে। আমরা আশা করছি, নতুন সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে। তখন হয়তো চাহিদাও বাড়বে,’ বলেন তিনি।
মনিপুরপাড়ার ‘আর পি কারস সেন্টার’-এর মালিক মুক্তার হোসেন জানান, ‘২৫ বছরের অভিজ্ঞতায় এমন খারাপ সময় কখনও দেখিনি। এখন মানুষ খরচ করতে ভয় পাচ্ছে। যাদের হাতে টাকা ছিল, তারা অনেকেই দেশ ছেড়েছেন। আর যারা আছেন, তারাও অনিশ্চয়তায় অপেক্ষা করছেন।’ রিকন্ডিশনড গাড়ির ব্যবসায় সংশ্লিষ্টরা মনে করেন, এই অচলাবস্থা কাটিয়ে উঠতে একটি নির্বাচিত ও গ্রহণযোগ্য সরকারের প্রয়োজন।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর সভাপতি আবদুল হক বলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের কারণে আমাদের গাড়ি বিক্রি প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। গত ১০ মাসে অনেক ক্রেতা দেশের বাইরে ছিলেন। টাকার অবমূল্যায়ন ও অর্থপাচারও নেতিবাচক প্রভাব ফেলেছে।’তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার এলে রাজনৈতিক নেতাদের গাড়ির চাহিদা বাড়বে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের আস্থাও ফিরবে। তখন বড় বিনিয়োগ আসবে, গাড়ির বাজারও ঘুরে দাঁড়াবে

